স্বামীর প্রেমালাপ ধরে ফেলেছিলেন, সেই কারণেই পুড়িয়ে খুন স্ত্রীকে? চাঞ্চল্য মালদায়
এই সময়, মালদা: ভিডিয়ো কলে এক তরুণীর সঙ্গে কথা বলছিলেন স্বামী। কথা নয়, চলছিল প্রেমালাপ। তা দেখে ফেলেন স্ত্রী। প্রতিবাদ করে স্বামীর সেই মোবাইল ফোন ভেঙে গুঁড়িয়ে দেন তিনি। বিবাহ–বহির্ভূত সম্পর্ক জেনে ফেলা, সঙ্গে মোবাইল ভেঙে দেওয়া। এই দুই ঘটনায় রাগ সপ্তমে চড়ে স্বামীর। তারই পরিণতিতে বাঁশের খুঁটিতে স্ত্রীর হাত-পা বেঁধে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী– সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের নাদারটোলা এলাকায়। ঘটনাটি কয়েকদিন আগে ঘটলেও শুক্রবার মালদা মেডিক্যাল কলেজে মৃত্যু হয় ওই মহিলার। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সামিউল শেখ, দেওর আনেস শেখ, এক ননদ চামেলী বিবি এবং শাশুড়ি দিলনুর বিবির বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।