তোলাবাজি চলছেই! ক্ষুব্ধ বিজেপির ২ বিধায়ক - 24 Ghanta Bangla News
Home

তোলাবাজি চলছেই! ক্ষুব্ধ বিজেপির ২ বিধায়ক

Spread the love

এই সময়, শিলিগুড়ি: ডাবগ্রাম-ফুলবাড়ি সহ শিলিগুড়ি শহর ও মহকুমার বিভিন্ন জায়গা থেকে উঠছে তোলাবাজি এবং অনৈতিক কাজকর্মের অভিযোগ। ফুলবাড়িতে মহানন্দা নদী থেকে অবৈধ বালি তোলা, এনজেপি এলাকায় সিন্ডিকেটের দখল, সেবক রোডে তোলাবাজি-সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছাড়াও মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা এলাকাতেও একাধিক অভিযোগে জেরবার প্রশাসন। বিগত তৃণমূল সরকারের আমলেও ওইসব জায়গায় দুর্নীতির অভিযোগ কম ছিল না। কিন্তু সরকার পরিবর্তনের পরেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। দেখা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে। এই ঘটনায় বিরক্ত ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, ‘আমরা দেখছি, চার তারিখের পরে সবাই গেরুয়া আবির মেখে বিজেপি হয়ে গিয়েছে। সুতরাং বোঝা খুব শক্ত, কে আসল বিজেপি, আর কে নকল। যত গন্ডগোল চার তারিখের পরে বিজেপি হওয়া লোকজনের জন্যই।’

এই ধরনের অবৈধ কাজকর্মের খবর শিখার কানে যেতেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, গত কয়েকদিনের মধ্যে নিজের বিধানসভা এলাকার এনজেপি এবং ভক্তিনগর থানায় এ বিষয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি। দল বা রাজনৈতিক পরিচয় না দেখে অবৈধ কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন শিখা।

সরকার বদলালেও অবৈধ কাজকর্ম যে বন্ধ হয়নি, তা স্বীকার করে নিয়েছেন ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুও। তাঁর বক্তব্য, ‘সরকারি নির্দেশ রয়েছে, কোনও নদী থেকে অবৈধভাবে বালি তোলা যাবে না। আমরা চাইছি কোথাও যেন বালি জমা করে না রাখা হয়। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে আগামী প্রায় আড়াই মাস কোনও জায়গা থেকে বালি তোলা চলবে না। কিন্তু বাস্তবে দেখছি, এ সব কাজ বন্ধ হয়নি। দেদারে বালি মাফিয়ারা কারবার চালিয়ে যাচ্ছে। অবৈধভাবে বালি পাচার হচ্ছে। প্রশাসন যেন এসবের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়।’

শুধু বিধায়করাই নন, এ ধরনের কাজ নিয়ে ক্ষোভ রয়েছে দলের নিচুতলাতেও। অনেক জায়গাতেই অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বিজেপিরই একাংশ।

শুক্রবার ফুলবাড়িতে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ট্রাক, লরি ও ডাম্পার থেকে নিয়মিত তোলা আদায় করছে একদল দুষ্কৃতী। অবৈধভাবে মহানন্দা নদী থেকে বালি তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে।

কয়েক দিন আগে মাটিগাড়াতেও বিজেপির দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল। সেবক রোডে বার ও পাব থেকে তোলাবাজির অভিযোগও সামনে এসেছে। বিজেপি-ঘনিষ্ঠ এক নেতা এবং কয়েকজনের বিরুদ্ধে এক পাব মালিকের কাছ থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। ফুলবাড়ি এলাকার এক নেতা তাঁর ছেলের নামে ঠিকাদারির নথি ও কাগজপত্র তৈরি করতে শুরু করেছেন। ডাবগ্রাম ও মাটিগাড়া এলাকাতেও একই পথে পা বাড়িয়েছেন আরও অন্তত ৬-৭ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক ফুলবাড়ি এলাকার এক বিজেপি নেতা বলেন, ‘তৃণমূলের আমলে অনেকেই অবৈধ উপার্জনের পথ জেনে নিয়েছিলেন। আমাদের দল ক্ষমতায় আসতেই তাঁরা সেই কাজ শুরু করে দিয়েছেন।’

সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমেও। ফুলবাড়ির রাজীব সাহা ফেসবুকে লিখেছেন, ‘এখন দলের জন্য মোটা টাকা খরচ করার লোক হয়েছে। আমাদের মতো পুরোনো কর্মীদের কাছ থেকে ১০০-২০০ টাকা নিয়ে আর দল চালানোর প্রয়োজন নেই।’ শিলিগুড়ির অনিল সাহানি লিখেছেন, ‘ব্যবসায়ীদের জুলুমবাজি বন্ধের ডাক দিয়ে আমরা ক্ষমতায় এসেছি। কিন্তু মনে হয় সেই প্রতিশ্রুতি রক্ষা করা যাচ্ছে না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *