Garbeta Murder: দিদাকে কুপিয়ে খুন, ছাড় পেল না মামা-মাসিও! গড়বেতায় নাতিকে তুলে নিয়ে গেল পুলিশ | Grandmother hacked to death; maternal uncle and aunt not spared either! Police take grandson into custody in Garbeta
অভিযুক্তের কঠোর শাস্তির দাবি উঠেছে Image Credit: TV9 Bangla
পশ্চিম মেদিনীপুর: দিদাকে এলোপাথাড়ি কোপ নাতির। রক্তে ভেসে গেল গোটা বাড়ি। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। বাধা দিতে গিয়ে আহত মামা-মাসি। ভর্তি বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার কপরডাঙ্গা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত নাতি সৌরভ দুলকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কপরডাঙ্গা এলাকায় মামা বাড়িতেই থাকতো সৌরভ দুলে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে হঠাৎই এলাকার লোকজন ব্যাপক চিৎকার চেঁচামেচি শুনতে পান। দেখা যায় রক্তাক্ত অবস্থায় নিজেকে বাঁচানোর চিৎকার করছেন আভা দুলে। সাহায্য চাইছেন। বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দিদি নিদ্রা দুলে ও মামা শিবু দুলে। ঘটনা দেখে শিউরে ওঠে গোটা গ্রাম। প্রতিবেশীরা বলছেন, পুরো কাজটাই সৌরভের। কিন্তু কেন এমনটা ঘটল তা বুঝে উঠতে পারছেন না কেউই।
পুলিশ এসে বাড়ি থেকে দিদা নিদ্রা দুলেকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। আহত মামা শিবু দুলে ও মাসি আভা দুলেকে চিকিৎসার জন্য তৎক্ষণাৎ বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত প্রায় চার বছর আগে থেকেই মামা বাড়িতে এসে থাকা শুরু করেন অভিযুক্ত সৌরভ দুলে। মাঝে মাঝেই ঝামেলা হতো। কিন্তু তাই বলে যে এত বড় কাণ্ড ঘটে যাবে তা ভাবতে পারেননি কেউই। ফলে খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গড়বেতা থানার পুলিশ আপাতত বাড়িটি সিল করেছে। পুরো ঘটনার তদন্তও পুরোদমে শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সৌরভকেও জেরা করা হচ্ছে।