নভেম্বরে নিউজিল্যান্ড সফরে ভারত, ক্রাইস্টচার্চের নতুন স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচ - 24 Ghanta Bangla News
Home

নভেম্বরে নিউজিল্যান্ড সফরে ভারত, ক্রাইস্টচার্চের নতুন স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচ

Spread the love

নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত। দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চের নতুন ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে প্রথম অফিসিয়াল ফুটবল ম্যাচের ইতিহাস গড়বে দুই দল।

আগামী নভেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় পুরুষ ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। আগামী দিনের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর প্রস্তুতি হিসেবে এবং ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৬তম স্থানে থাকা ও বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের শক্তি পরীক্ষা করে নেওয়ার জন্য ভারতীয় দলের কাছে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিরিজের প্রথম ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর। অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে নিউজিল্যান্ডের জাতীয় দল ‘অল হোয়াইটস’দের মুখোমুখি হবে ভারত। এরপর ১৫ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলা হবে ক্রাইস্টচার্চের নবনির্মিত ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে। অত্যাধুনিক এই ভেন্যুতে এটিই হতে চলেছে প্রথম কোনও অফিসিয়াল ফুটবল ম্যাচ।

এই সিরিজটি দুই দলের কাছেই আলাদা গুরুত্ব রাখছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের পর, এই সিরিজের মাধ্যমেই নিজেদের ঘরের মাঠে দর্শকদের সামনে ফিরছেন নিউজিল্যান্ডের ফুটবলাররা। দলের কোচ ড্যারেন বেজলি এবং নিউজিল্যান্ড ফুটবলের সিইও অ্যান্ড্রু প্রাগনেল বিশ্বকাপ অভিযানের পর দেশের মাটিতে, বিশেষ করে ক্রাইস্টচার্চের দর্শকদের সামনে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তবে এই জোড়া ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের নেপথ্যে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। মূলত ক্রীড়াক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ডের পারস্পরিক বন্ধুত্বের ১০০ বছর পূর্তি উদ্‌যাপন করতেই এই সিরিজের আয়োজন করা হয়েছে। ১৯২৬ সালে ভারতীয় আর্মি হকি দলের নিউজিল্যান্ড সফরের মধ্যে দিয়ে দুই দেশের যে ক্রীড়া সম্পর্কের সূচনা হয়েছিল, এই ফুটবল সিরিজ তারই এক নতুন অধ্যায়। আন্তর্জাতিক ফুটবলের পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায়, ভারত ও নিউজিল্যান্ড এ যাবৎ মাত্র দু’বার মুখোমুখি হয়েছে। ১৯৮১ সালের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও, ২০১৮ সালে শেষ সাক্ষাতে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *