Cabo Verde: বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার, বিজ্ঞানের পাতায় জায়গা পেলেন ভোজিনহা! | Cape Verde Goalkeeper Vozinha Honoured With New Sea Slug Species Named After Him
আমেরিকা : বিশ্বকাপে স্বপ্নের দৌড় শুরু করেও থেমে গিয়েছে কেপ ভার্দের। আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দল। তবে এবার বিশ্বকাপ থেকে বিদায় নিলেও বিশ্বকাপের মাঝেই সুখবর পেলেন দলের গোলকিপার ভোজিনহা। বিজ্ঞান জগতেও এবার যুক্ত হতে চলেছে তাঁর নাম।
সচরাচর ভাল খেলার পুরস্কার হিসেবে কোনও খেলোয়াড়কে আর্থিক সাহায্য দেওয়া হয় বা মেডেল, ট্রফি দেওয়া হয়। কিন্তু বিজ্ঞান জগতের সঙ্গে কারও নাম জড়ানো খুব সম্ভবত বেশি নিদর্শন নেই। স্প্যানিশ সামুদ্রিক জীববিজ্ঞানী জেসুস ওর্তেয়া একটি সি স্লাগের নামকরণ করেছেন ‘আলদিসা ভোজিনহাই’ (Aldisa Vozenhai)। সি স্লাগটির আকার ৪ মিলিমিটার। এটি পাওয়া গিয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছাকাছি অঞ্চলে। ওর্তেয়া নিজের গ্রন্থ Historias de la Bioadversidad-এ এই প্রজাতির আনুষ্ঠানিক বর্ণনা করেছেন। বিশ্বকাপ চলাকালীনই এই বই প্রকাশ করা হয়।
ওর্তেয়ার সঙ্গে কেপ ভার্দের পরিচিতি অনেক আগের। কেপ ভার্দের জলজীবন নিয়ে গবেষণা করার ফলে তাঁকে ২০২৩ সালে ‘এনভায়রমেন্টাল মেরিট’ পুরস্কার দেওয়া হয়েছিল। তাই আবার সেই কেপ ভার্দের সঙ্গে নাম জুড়ল ওর্তেয়ার। তবে অতীতেও ওর্তেয়া বিজ্ঞানজগতের সঙ্গে নাম জুড়েছিলেন ফুটবলের। ২০১৯ সালে একটি সামুদ্রিক শামুকের সঙ্গে তিনি নাম জোড়েন কোস্টারিকার প্রাক্তন গোলকিপার কেলর নাবাসের। এবার আবার ভোজিনহার নামও জুড়ল সমুদ্রজগতের সঙ্গে।
চলতি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন ভোজিনহা। তাঁর দেশ কেপ ভার্দে গ্ৰুপ পর্বে রুখে দিয়েছিল স্পেন, উরুগুয়ের মতো বড় মাপের দেশগুলিকে। বিশ্বকাপের নায়ক হয়ে উঠেছিলেন গোলকিপার ভোজিনহা। এবার তাঁর এই কীর্তিকেই স্মরণীয় রাখার এক অভিনব পন্থা নিলেন ওর্তেয়া।