এমবাপেকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্যে বিতর্ক, পাল্টা কড়া জবাব ফরাসি তারকার - 24 Ghanta Bangla News
Home

এমবাপেকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্যে বিতর্ক, পাল্টা কড়া জবাব ফরাসি তারকার

Spread the love

বিশ্বকাপে ফ্রান্সের জয়ের পর এমবাপেকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেন প্যারাগুয়ের এক সেনেটর। পাল্টা তীব্র প্রতিক্রিয়ায় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হন ফরাসি ফরোয়ার্ড।

বাবান আদক, কলকাতা ডেস্ক: বিশ্বকাপের ভরা ময়দানে এবার চরম বর্ণবিদ্বেষের শিকার হলেন খোদ কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি সুপারস্টারকে লক্ষ্য করে ধেয়ে এল তীব্র কদর্য আক্রমণ। আর এই ঘৃণ্য আক্রমণের নেপথ্যে রয়েছেন প্যারাগুয়ের লিবারেল র‍্যাডিক্যাল পার্টির সেনেটর সেলেস্টে আমারিলা। তবে মাঠের খেলায় যেমন তিনি অপ্রতিরোধ্য, মাঠের বাইরের এই বর্ণবিদ্বেষী আক্রমণের জবাবেও ঠিক ততটাই আক্রমণাত্মক মেজাজে গর্জে উঠেছেন এমবাপে।

শনিবারের মেগা ম্যাচে এমবাপের জয়সূচক পেনাল্টিতেই প্যারাগুয়ের বিশ্বকাপ স্বপ্ন চূর্ণ হয়। সেই হারের জ্বালা মেটাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (X) এমবাপেকে কদর্য ভাষায় আক্রমণ করেন ওই সেনেটর। দীর্ঘ এক পোস্টে তিনি এমবাপেকে “কলোনাইসড ক্যামেরুনিয়ান” বলে কটাক্ষ করেন, যে কিনা “মরিয়া হয়ে নিজেকে ফরাসি প্রমাণের চেষ্টা করছে।”এখানেই না থেমে এমবাপেকে অশিক্ষিত ‘পশু’ আখ্যা দিয়ে আমারিলা লেখেন, ওতো ঠিকমতো লিখতেও শেখেনি! এমনকি তাঁর চূড়ান্ত উস্কানিমূলক মন্তব্য ছিল, ম্যাচ শেষে প্যারাগুয়ের ফুটবলারদের উচিত ছিল এমবাপেকে সপাটে চড় মারা।

Also Read | 

এই ঘৃণ্য মন্তব্যের মোক্ষম জবাব দিয়েছেন ফরাসি তারকা। কোনো রাখঢাক না করে এমবাপে সেনেটরকে “ঘৃণ্য নারী” ও পদের জন্য “সম্পূর্ণ অযোগ্য” বলে তোপ দেগেছেন। সেনেটরের এই মন্তব্য যে প্যারাগুয়ে দলের লড়াকু মানসিকতাকে কালিমালিপ্ত করেছে, তা স্পষ্ট করে এমবাপে বলেন, “আপনার স্পর্ধা এবং নির্লজ্জ বর্ণবিদ্বেষের কারণে গোটা বিশ্ব আপনাদের খেলোয়াড়দের ঐতিহাসিক লড়াইয়ের কথা ভুলে গেছে।” আমারিলাকে দেশের সবচেয়ে খারাপ প্রতিচ্ছবি আখ্যা দিয়ে এমবাপে জানান, এমন লোকেদের বিশ্বজুড়ে ঘৃণা ছড়ানোর স্বাধীনতা তিনি কখনোই দেবেন না।

Also Read | 

প্যারাগুয়ে শিবির থেকে এমন আক্রমণ অবশ্য এটাই প্রথম নয়। ম্যাচের আগেই ফরাসি দলকে ‘আফ্রিকার দল’ বলে কটাক্ষ করেছিলেন প্যারাগুয়ের প্রাক্তন গোলরক্ষক হোসে লুইস চিলাভার্ট। এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ডায়ালো চিলাভার্টকে ফুটবলের ‘কলঙ্ক’ বলে আখ্যা দেন। টুর্নামেন্টে ইতিমধ্যেই ৭ গোল করে মেসি-হালান্ডদের সঙ্গে সোনার বুটের দৌড়ে থাকা এমবাপে আগামী বৃহস্পতিবার বস্টনে কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবেন। তবে তার আগে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ফরাসি তারকার এই কড়া অবস্থান গোটা ফুটবল বিশ্বকে কড়া বার্তা দিয়ে রাখল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *