Indian Cricket: ডব্লিউটিসিতে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা ভারতের, প্রকাশিত শ্রীলঙ্কা সফরের সূচি! | India to play in Sri Lanka after 9 years, dates are revealed - 24 Ghanta Bangla News
Home

Indian Cricket: ডব্লিউটিসিতে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা ভারতের, প্রকাশিত শ্রীলঙ্কা সফরের সূচি! | India to play in Sri Lanka after 9 years, dates are revealed

Spread the love

কলকাতা : ২০১৭-২০২৬ = ৯ বছর। দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কা (Sri Lanka) সফর করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শেষবার ২০১৭ সালে সেই দেশে গিয়ে সিরিজ খেলেছিলেন কোহলিরা (Virat Kohli)। সেবার শ্রীলঙ্কাকে টেস্টে ৩-০, ওয়ান ডেতে ৫-০ ও টি-টোয়েন্টিতে ১-০ হারিয়েছিল ভারত। তবে এবার দুটি টেস্টের সিরিজ খেলতে লঙ্কাতে ভ্রমণ করছে শুভমান গিলরা (Shubman Gill)। এবার সেই ম্যাচেরই দিনক্ষণ প্রকাশ করল ভারতীয় বোর্ড।

আগস্টে শ্রীলঙ্কায় যাবে ভারতীয় দল। এবার মোট দুটি টেস্ট খেলা হবে। এই টেস্ট দুটি ২০২৫-২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর অন্তর্গত। প্রথম টেস্ট শুরু হতে চলেছে ১৫ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসে। সেই ম্যাচটি হবে গলে। পরেরটি শুরু হবে ২৩ আগস্ট, কলম্বোতে। এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ৫ নম্বরে রয়েছে ভারত। একে অস্ট্রেলিয়া, দুইয়ে দক্ষিণ আফ্রিকা, তিনে নিউ জিল্যান্ড, চারে বাংলাদেশের পরেই অবস্থান শুভমান গিলদের। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতে অনুষ্ঠিত সিরিজে ২-০ হেরে গিয়েছিল ভারত, যার মধ্যে ছিল কলকাতা টেস্টে ভরাডুবি। সেই টেস্ট সিরিজ হেরেই ডব্লিউটিসি সাইকেলে কয়েক ধাপ পিছিয়ে পড়েছিল ভারতীয় দল।

এর আগে ভারত দুইবার ডব্লিউটিসির ফাইনালে উঠেছে। কিন্তু একবারও জেতেনি। গতবছর অস্ট্রেলিয়াকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। লর্ডসে গত বছর ফাইনালে অজিদের ৫ উইকেটে হারিয়েছিলেন বাভুমারা। দুরন্ত ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার আইডেন মারক্র্যাম। এবার কি ভারত অবশেষে ডব্লিউটিসির খরা কাটাতে পারবে? তার জন্য এই সিরিজ জিততেই হবে গম্ভীরের ছেলেদের, নাহলে বিদায়ঘন্টা বেজে জেতেই পারে কোচ গৌতম গম্ভীরেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *