Ration in Bengal: রেশন নিয়ে বড় পদক্ষেপ, বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় খাদ্য সচিবের | Union Food Secretary is set to set aside the order issued by the Food Secretary of the West Bengal government
ফাইল চিত্র।Image Credit: Lynsey Addario/Getty Images Reportage
নয়া দিল্লি: ডবল ইঞ্জিনে টক্কর। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সচিবের অর্ডার খারিজ করতে চলেছেন কেন্দ্রীয় খাদ্য সচিব। রেশন ব্যবস্থায় বায়োমেট্রিক বাধ্যতামূলক। আধার আইন অনুযায়ী, আঙুলের ছাপ নেওয়া বাধ্যতামূলক। আঙুলের ছাপ না মিললে তখন ওটিপি বা চোখের মনি স্ক্যান করে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন করা যেতে পারে। কিন্তু গত ১৩ জুলাই পশ্চিমবঙ্গের খাদ্য সচিব জগদীশ মীনা নতুন অর্ডার জারি করে বলেন, রেশন পাওয়ার ক্ষেত্রে আইরিশ অর্থাৎ চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক করা হল।
বৃহস্পতিবার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় খাদ্য সচিব এর দ্বারস্থ হয় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর দাবি, কেন্দ্রীয় খাদ্য সচিব জানিয়েছেন রাজ্য খাদ্য দপ্তরের এই নির্দেশ বৈধ নয়। চোখের মনি স্ক্যান করা বাধ্যতামূলক হতে পারেনা। রাজ্য খাদ্য দপ্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করার নির্দেশ দেন কেন্দ্রীয় খাদ্য সচিব।
ফলে এখন থেকে পুরনো নিয়মে আঙুলের ছাপ স্ক্যান করে মিলবে রেশন। সূত্রের খবর, আগামী সপ্তাহে কলকাতায় গিয়ে জগদীশ মীনার সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় খাদ্য সচিব। এখন দেখার সেই বৈঠকে এই সংক্রান্ত কোনও আলোচনা হয় কিনা। আলোচনা হলেও নতুন কোনও সিদ্ধান্ত হয় কিনা সেদিকেও নজর রয়েছে সব মহলের।