ওয়েব সিরিজে অভিষেক শার্লি মোদকের, ‘ভার্জিনপুর’-এ রাজনীতি-থ্রিলার-কমেডির চমক - 24 Ghanta Bangla News
Home

ওয়েব সিরিজে অভিষেক শার্লি মোদকের, ‘ভার্জিনপুর’-এ রাজনীতি-থ্রিলার-কমেডির চমক

Spread the love

অরিত্রী চন্দ, কলকাতা: টলিউডের পরিচিত মুখ শার্লি মোদক এবার প্রথমবারের মতো পা রাখছেন ওয়েব সিরিজের (Bengali Web Series) দুনিয়ায়। পরিচালক শুভদীপ মুখোপাধ্যায়-এর পরিচালনায় তৈরি নতুন…

অরিত্রী চন্দ, কলকাতা: টলিউডের পরিচিত মুখ শার্লি মোদক এবার প্রথমবারের মতো পা রাখছেন ওয়েব সিরিজের (Bengali Web Series) দুনিয়ায়। পরিচালক শুভদীপ মুখোপাধ্যায়-এর পরিচালনায় তৈরি নতুন ওয়েব সিরিজ ‘ভার্জিনপুর’-এ তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ঋতব্রত মুখোপাধ্যায়। সিরিজটির ক্রিয়েটর জয়দীপ বন্দ্যোপাধ্যায়।

রাজনীতি, অপরাধ ও রহস্যে মোড়া ‘ভার্জিনপুর’

গল্পের পটভূমি একটি কাল্পনিক শহর ‘ভার্জিনপুর’, যেখানে রাজনীতির আড়ালে সমানতালে চলে অপরাধ, ষড়যন্ত্র এবং অপহরণের মতো ঘটনা।
গল্পের কেন্দ্রে রয়েছে গ্রামের সহজ-সরল যুবক জিতু, যে স্বপ্ন নিয়ে শহরে আসে। ‘ম্যাডাম নিবাস’-এ আশ্রয় নেওয়ার পর তার জীবন বদলে যায়। সেখানেই পরিচয় হয় রাই-এর সঙ্গে। প্রেম, ভুল বোঝাবুঝি, হাসি-ঠাট্টা এবং একের পর এক অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে এগোতে থাকে কাহিনি। শেষ পর্যন্ত একটি অপহরণকাণ্ডে জড়িয়ে পড়ে জিতু ও রাই।
থ্রিলারের পাশাপাশি সিরিজে রয়েছে কমেডির ছোঁয়াও, যা গল্পকে আরও উপভোগ্য করে তুলবে বলে নির্মাতাদের দাবি।

কারা থাকছেন অভিনয়ে?

শার্লি মোদক ও ঋতব্রত মুখোপাধ্যায় ছাড়াও সিরিজে অভিনয় করেছেন—
• সত্যম ভট্টাচার্য
• নিশিকান্ত দাস
• বিশ্বজিৎ দাস
• শুভজিৎ কর
• দেবপ্রসাদ হালদার
• এবং আরও অনেকে।

কী বললেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়?

ওয়েব সিরিজটি নিয়ে জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “শুভদীপ আমার দীর্ঘদিনের বন্ধু। ওর পরিচালনায় প্রথমবার কাজ করলাম। তাই এই প্রজেক্টটি আমার কাছে শুধুই আর একটি কাজ নয়, অনেকটাই আবেগের। শুটিং চলাকালীন আমরা ভীষণ আনন্দ করেছি। পুরো সফরটাই স্মরণীয় হয়ে থাকবে।”

পরিচালকের অভিজ্ঞতা

প্রথমবার পরিচালকের আসনে বসার অভিজ্ঞতা জানিয়ে শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “প্রথম দিন স্বাভাবিকভাবেই কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু অভিনেতা ও ইউনিটের সদস্যরা খুব দ্রুত সেই অস্বস্তি কাটিয়ে উঠতে সাহায্য করেন। প্রত্যেকে নিজের চরিত্রে এমনভাবে ঢুকে গিয়েছিলেন যে আমার কাজ ছিল শুধু সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা।”

ঋতব্রত কী বললেন?

অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় জানান, “চিত্রনাট্যটি এত সুন্দরভাবে লেখা যে চরিত্রটির আচরণ, ভাবনা ও ব্যক্তিত্ব খুব স্পষ্ট ছিল। শুভদীপ মুখোপাধ্যায় এবং জয়দীপ বন্দ্যোপাধ্যায় প্রতিটি ধাপে আমাদের পাশে ছিলেন। একই সঙ্গে চরিত্রটিকে নিজের মতো করে গড়ে তোলার স্বাধীনতাও দিয়েছেন।”

কবে মুক্তি?

সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসে ক্লিক (Klikk) প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ভার্জিনপুর’। রাজনীতি, থ্রিলার, অপহরণ এবং হাস্যরসের মিশেলে তৈরি এই নতুন ওয়েব সিরিজ দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *