লাদাখে নিষিদ্ধ এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক, নিয়ম ভাঙলেই কড়া শাস্তি
ইতিমধ্যেই লেহ বিমানবন্দর এবং লাদাখ সীমান্তের একাধিক প্রবেশ পথে বাড়ানো হয়েছে তল্লাশি অভিযান। লাদাখ প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিষিদ্ধ প্লাস্টিক বা প্লাস্টিক পণ্য যাতে এই অঞ্চলে প্রবেশ করতে না পারে, তার জন্যই তল্লাশি বাড়ানো হয়েছে ওই এলাকায়। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম না মানলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। লাদাখের সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং খাবারের দোকানগুলিতেও ইতিমধ্যেই কড়া নির্দেশকা দেওয়া হয়েছে। এ ছাড়াও প্রকাশ্যে নোংরা বা প্লাস্টিক আবর্জনা ছড়ালে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। লাদাখের শহর, গ্রামাঞ্চল এবং পর্যটন কেন্দ্রগুলিতে একই নিয়ম জারি করা হয়েছে।