টলিপাড়ায় জোর গুঞ্জন, মৈনাকের পরের ছবিতে জুটি বাঁধবেন রাজদীপ-লেখা?
বেশ অনেক দিন টেলিভিশনে দেখা যায়নি অভিনেতা রাজদীপ গুপ্তকে। অভিনেতা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর হাতে কাজ নেই। তবে শোনা যাচ্ছে রাজদীপের কাজের খরা কেটেছে। টলিউডের অন্দরে গুঞ্জন, পরিচালক মৈনাক ভৌমিকের আগামী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে রাজদীপকে।
শোনা যাচ্ছে অভিনেত্রী লেখা চট্টোপাধ্যায়কেও নাকি এই ছবিতে দেখা যেতে পারে।মৈনাকের এই নতুন ছবিতে টলিউডের একাধিক পরিচিত মুখকে একসঙ্গে দেখা যেতে পারে, তেমন চর্চাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি পরিচালক কিংবা প্রযোজনা সংস্থা দু’তরফ থেকেই। তবে খবর, কিছু দিনের মধ্যেই শুটিং শুরু হওয়ার কথা। প্রযোজনার দায়িত্বে থাকতে পারে ‘স্টুডিয়ো ব্লটিং পেপার্স’।
বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে রাজদীপ গুপ্ত বিশেষ পরিচিত নাম। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে ঈশানের চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে তাঁর জুটিও দর্শকমহলে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। তবে গত কয়েক বছরে তাঁকে খুব বেশি কাজ করতে দেখা যায়নি।
এর আগে অভিনেতার টেলিভিশনে ফেরা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। শোনা গিয়েছিল, স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। পরে অবশ্য সেই জল্পনায় নিজেই ইতি টানেন রাজদীপ। তিনি জানিয়েছিলেন, প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হলেও বিষয়টি আর এগোয়নি।