নাবালিকা বধূ অন্তঃসত্ত্বা, বালুরঘাটে গ্রেপ্তার স্বামী
গত বুধবার প্রসবযন্ত্রণা নিয়ে এক নাবালিকাকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তার বয়স সংক্রান্ত নথি যাচাই করে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। এর পরেই গ্রেপ্তার করা হয় স্বামীকে। বাল্যবিবাহে কারা মদত দিয়েছিল, তা খতিয়ে দেখতে দুই পরিবারের অন্যান্য সদস্যদেরও খোঁজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৮ বছর বয়সের আগে বিয়ে দেওয়া হয় কিশোরীকে। বিয়ের পরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কী ভাবে এই বিয়ে হলো এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।