Abhishek Banerjee-Rahul Gandhi: এক সময় 'দোষী সাব্যস্ত' করেছিলেন, সেই রাহুলের 'ফুটো নৌকায়' আজ অভিষেক! | Politics Takes a Twist: TMC MP Abhishek Banerjee Finds Support from Congress MP Rahul Gandhi Despite Earlier SIR Differences - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee-Rahul Gandhi: এক সময় ‘দোষী সাব্যস্ত’ করেছিলেন, সেই রাহুলের ‘ফুটো নৌকায়’ আজ অভিষেক! | Politics Takes a Twist: TMC MP Abhishek Banerjee Finds Support from Congress MP Rahul Gandhi Despite Earlier SIR Differences

Spread the love

কলকাতা ও নয়া দিল্লি: পালাবদল হতেই জনরোষের মুখে প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা। সোনারপুরে গিয়ে আক্রান্ত হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Attacked) তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। ছিঁড়ে দেওয়া হয় অভিষেকের জামা। হেলমট পরে কোনওক্রমে মাথা বাঁচান অভিষেক। তৃণমূলের ‘যুবরাজে’র পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi), মল্লিকার্জুন  খাড়্গে (Mallikarjun Kharge) থেকে শুরু করে অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)-অখিলেশ যাদব (Akhilesh Yadav)। ইন্ডিয়া জোট (INDIA Alliance) মজবুত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে এখনও। তবে এই ঘটনায় তৃণমূলকে চোখে আঙুল দিয়ে দেখাল তাদের ঠাঁই কোথায় হচ্ছে!

দেশজুড়ে এসআইআর (SIR) নিয়ে সরব হয়েছিল বিরোধী জোট-ইন্ডিয়া। বিহারে এসআইআরে লক্ষাধিক নাম বাদ পড়ার পরই ভোটচুরির তত্ত্ব তুলে ধরেছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশজুড়ে ‘ভোট চুরি’ বা ভোট রিগিং করার পরিকল্পনা চলছে বলে তীব্র অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ রাহুল ।

সেই সময়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিছুটা আক্রমণাত্মক সুর নেন। তিনি বলেন, “ভোটার লিস্টে চুরি হচ্ছে। অন্য রাজনৈতিক দল তা ধরতে পারেনি। এই ভুল কংগ্রেস করেছে। দিল্লিতে আম আদমি পার্টিও ধরতে পারেনি”। অভিষেকের এই মন্তব্যে যেমন আক্রমণ ছিল, তেমনই নিজেদের জোটসঙ্গীদের প্রতি একটি কর্তৃত্বমূলক মনোভাব ছিল। তখন রাজ্যে ক্ষমতায় তৃণমূল, অভিষেকের আত্মবিশ্বাসও ছিল চরমে।

অভিষেকের এই মন্তব্য়ে আবার ক্ষুব্ধ হন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন যে অভিষেক রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা করছে। নির্বাচনে ভোট চুরি, ভোটারদের অসুবিধার কথা রাহুলই প্রথম তুলে ধরেছিলেন। অভিষেক তাঁকে অনুসরণ করছে।

কাট টু ভোট পরবর্তী বাংলা। সোনারপুরে গিয়ে আক্রান্ত অভিষেক। যখন তৃণমূলের তাবড় তাবড় নেতারাই অভিষেকের খোঁজ নেননি, সেখানে ফোন করে কথা বলেন রাহুল গান্ধী। খোঁজ নেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরীবাল।

এবার রাহুল গান্ধীর উদ্দেশ্যে পোস্ট করে অভিষেক লিখলেন, “ধন্যবাদ, রাহুল জি, আপনার উদ্বেগ এবং নিরন্তর সমর্থনের জন্য। আমরা ভারতের আত্মাকে রক্ষা করতে, তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে এবং আমাদের সংবিধানে নিহিত মূল্যবোধগুলিকে সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ।”

বিজেপিকে আক্রমণ করে অভিষেক লিখেছেন, “আজকের বিজেপির এটাই বাস্তব রূপ। আপনি যদি তাদের সমর্থন করেন, তবে আপনি দেশপ্রেমিক। আপনি যদি তাদের প্রশ্ন করেন, তবে আপনি তাদের নিশানা হয়ে যাবেন। আপনি যদি তাদের পাশে দাঁড়ান, তবে আপনার প্রশংসা করা হবে। আর আপনি যদি তাদের বিরুদ্ধে দাঁড়ান, তবে তারা আপনার মুখ বন্ধ করার চেষ্টা করবে। নীতি বিসর্জন দিয়ে আরামে থাকার চেয়ে, গণতন্ত্র রক্ষা করতে গিয়ে হুমকির মুখোমুখি হওয়া আমি অনেক বেশি পছন্দ করব। ক্ষমতা চিরস্থায়ী নয়। মানুষের ইচ্ছাই স্থায়ী। আমি কেবল জনগণের সামনে মাথা নত করব, ক্ষমতায় থাকা মানুষদের সামনে কখনও নয়। যারা গণতন্ত্রকে দুর্বল করতে এবং আমাদের দেশকে বিভক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চালিয়ে যাব। ‘ইন্ডিয়া’ (INDIA) জোট ঐক্যবদ্ধ রয়েছে এবং আমরা একসঙ্গে নিশ্চিত করব যাতে ভয়, ঘৃণা, সহিংসতা ও হুমকির রাজনীতি পরাজিত হয় এবং জনগণের কণ্ঠস্বরই জয়ী হয়।”

ভোটে ভরাডুবির আগে তৃণমূল কংগ্রেস একাধিকবার ইন্ডিয়া জোটের স্টিয়ারিং নিজের হাতে রাখতে চেয়েছে। নিজেদের ইচ্ছা মতো বৈঠকে যোগ দিত। তবে ভোটের ফল প্রকাশ হতেই আবার এই জোটকে একসঙ্গে আনার চেষ্টায় মরিয়া রাজ্যের প্রাক্তন শাসক দল। তবে ক্ষমতা কি আর আগের মতো থাকবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *