OFS শুরু হতেই কোল ইন্ডিয়ার শেয়ারে পতন, এই স্টক কিনবেন না বেচবেন? কী বলছেন বিশেষজ্ঞরা?
কেন্দ্রীয় সরকারের অফার ফর সেল (OFS) ঘোষণার পরেই বড় ধাক্কা খেল কোল ইন্ডিয়ার শেয়ার। বুধবার ট্রেডিং সেশনে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার দর ৫.৩০ শতাংশ পর্যন্ত কমে পৌঁছয় ৪৩৩.৯৫ টাকায়। এনএসই-তে এ দিন ৪২৯ টাকায় ট্রেডিং শুরু করে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক। আগের সেশনে শেয়ারটির ক্লোজ়িং প্রাইস ছিল ৪৫৮.১৫ টাকা।
তবে স্বল্পমেয়াদে এখনও পর্যন্ত ইতিবাচক রিটার্ন দিয়েছে কোল ইন্ডিয়ার শেয়ার। চলতি বছরে এখনও পর্যন্ত এই স্টক প্রায় ৮.৪৫ শতাংশ বেড়েছে। এক বছরে বৃদ্ধি হয়েছে ৮.৫৯ শতাংশ। গত তিন বছরে প্রায় ৮০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। আর পাঁচ বছরে লগ্নিকারীরা পেয়েছেন প্রায় ২০০ শতাংশ রিটার্ন।
কোল ইন্ডিয়ার OFS
কেন্দ্রীয় সরকার কোল ইন্ডিয়ায় ২ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে অফার ফর সেলের মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থাটি মঙ্গলবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে, এই OFS খোলা থাকবে ২৭ মে এবং ২৯ মে।
এই OFS-এর ফ্লোর প্রাইস ধার্য করা হয়েছে প্রতি শেয়ার ৪১২ টাকা। যা মঙ্গলবারের ক্লোজ়িং প্রাইস ৪৫৮.১৫ টাকার তুলনায় প্রায় ১১.২ শতাংশ কম।
প্রথম ধাপে কেন্দ্র সরকার ৬.১৬ কোটি ইক্যুইটি শেয়ার বিক্রি করবে। যা কোল ইন্ডিয়ার মোট পেইড-আপ ইক্যুইটি ক্যাপিটালের ১ শতাংশ। তবে অতিরিক্ত চাহিদা থাকলে আরও ৬.১৬ কোটি শেয়ার বিক্রির বিকল্পও রাখা হয়েছে। সে ক্ষেত্রে মোট ইস্যুর আকার দাঁড়াবে ১২.৩২ কোটি শেয়ার বা সংস্থার মোট ইক্যুইটির ২ শতাংশ।
২৭ মে নন-রিটেল লগ্নিকারীদের জন্য OFS খোলা থাকবে। অন্য দিকে ২৯ মে রিটেল লগ্নিকারী, যোগ্য কর্মী এবং আগের দিনের আনঅ্যালটেড বিড থাকা নন-রিটেল লগ্নিকারীরা অংশ নিতে পারবেন।
ফিনানশিয়াল রিপোর্ট
মার্চ ত্রৈমাসিকে সংস্থার কনসলিডেটেড প্রফিট আফটার ট্যাক্স বা PAT এক বছর আগের তুলনায় ১২ শতাংশ বেড়ে হয়েছে ১০,৯০৮ কোটি টাকা। অপারেশন থেকে আয় ৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৬,৪৯০ কোটি টাকা। উন্নত রিয়ালাইজ়েশন এবং অন্যান্য আয় বৃদ্ধির জেরেই এই বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে সংস্থা। সংস্থার বোর্ড ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য প্রতি শেয়ারে ৫.২৫ টাকা ফাইনাল ডিভিডেন্ড ঘোষণাও করেছে। শেষ ত্রৈমাসিকে EBITDA বেড়ে হয়েছে ১৭,৯১৭ কোটি টাকা। EBITDA মার্জিনও বেড়ে ৩৯ শতাংশ হয়েছে।
Buy না Sell?
ব্রোকারেজ সংস্থা ইলারা ক্যাপিটাল কোল ইন্ডিয়া স্টকে ‘Accumulate’ রেটিং বজায় রেখেছে। পাশাপাশি টার্গেট প্রাইস ৪৫৮ টাকা থেকে বাড়িয়ে ৫২২ টাকা করেছে। ব্রোকারেজ সংস্থাটি জানিয়েছে, ‘আমরা আগামী অর্থবর্ষের EBITDA-এর ৬ গুণ হিসেব ধরে ৫২২ টাকার টার্গেট প্রাইস নির্ধারণ করেছি। বিদ্যুতের চাহিদা বাড়ার ফলে চলতি অর্থবর্ষে উৎপাদন বৃদ্ধি হতে পারে। সেই কারণেই টার্গেট প্রাইস বাড়ানো হয়েছে।’ অন্য দিকে ব্রোকারেজ সংস্থা এমকে গ্লোবাল-ও এই স্টকে ‘Add’ রেটিং বজায় রেখেছে। তাদের টার্গেট প্রাইস ৪৫০ টাকা।
(এই সময় অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)