‘শুধু পদত্যাগ করলেই হবে নাকি…’, তৃণমূলের জনপ্রতিনিধিদের ‘গণইস্তফা’ নিয়ে বার্তা মন্ত্রী দিলীপের
পালাবদলের পর থেকেই তৃণমূলের জনপ্রতিনিধিদের একাংশের মধ্যে ইস্তফা দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে রাজ্য জুড়ে। কেউ চুপিসারে পদত্যাগ করছেন। কেউ কেউ আবার পদত্যাগ করে দলের বিরুদ্ধে সরব হয়েছেন। তা নিয়ে নানা জল্পনার মধ্যেই এ বার বার্তা দিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু পদত্যাগ করলেই ‘দোষ’ মাফ করা হবে না। কেউ বেআইনি কাজ করে থাকলে, তাঁকেও আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক থেকে ফেরার পথে শ্যামনগরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন দিলীপ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যাঁরা গত ১৫ বছর ধরে লুট করেছেন, দুর্নীতি করেছেন, তাঁদের অনেকেই এখন ইস্তফা দিচ্ছেন। কিন্তু শুধু ইস্তফা দিলে কী হবে? ওঁদেরকেও আইনের আওতায় আনতে হবে। বেআইনি কাজ করছে ছাড় পেয়ে যাবেন নাকি? আইনের হাত অনেক লম্বা। সকলকে টেনে আনবে। তদন্ত হবে। কত কত মানুষের টাকা খেয়েছে এরা!’