গরমে ঘর ঠান্ডা রাখতে কোন ধরনের কুলার কিনবেন? । Ei Samay
কোন ধরনের কুলার বেশি উপযোগী?
সাধারণত, পার্সোনাল, টাওয়ার এবং ডেজ়ার্ট-এই তিন ধরনের এয়ার কুলার পাওয়া যায়। ছোট থেকে মাঝারি সব ধরনের ঘরের জন্য এগুলি উপযুক্ত।
পার্সোনাল, টাওয়ার নাকি ডেজার্ট কুলার?
ছোট ঘরের জন্য পার্সোনাল এয়ার কুলার বেশি ভালো। কারণ এগুলো আকারে ছোট। চালানোর সময় শব্দও কম হয়। বিদ্যুৎ খরচ কম হয় এবং সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়।
একটু বড় জায়গা যেমন বাড়ির ড্রইং রুম, ছোট অফিস ঘরের জন্য ব্যবহার করতে পারেন টাওয়ার এসি। এটি কম বিদ্যুৎ খরচে তাড়াতাড়ি ঘর ঠান্ডা করে।
অন্য দিকে ডেজ়ার্ট এয়ার কুলার বড় ঘরের জন্য তৈরি। বড় হলরুম বা খোলা জায়গায় এই এয়ারকুলার বেশি উপযোগী। তবে ছোট ঘরকে এটি অতিরিক্ত আর্দ্র করে দেয় এবং সাইজ় বড় হওয়ার কারণে জায়গাও বেশি দখল করে থাকে।
তবে কুলার কেনার সময় ট্যাঙ্ক ক্যাপাসিটি ২০ থেকে ৪০ লিটারের মধ্যে, হানিকম্ব প্যাড রয়েছে এই কুলারগুলি ভালো। এগুলি তাড়াতাড়ি ঘর ঠান্ডা করে। এ ছাড়াও ইনভার্টার সাপোর্ট থাকলে আরও ভালো। এটি লোডশেডিংয়ের সময় কাজে লাগে। এ ছাড়া আইস চেম্বার রয়েছে এমন কুলার কিনলে বেশি পরিমাণ ঠান্ডা বাতাস বের করে। যাতে ঘর ঠান্ডা হয় দ্রুত।
তবে এর কতগুলি অসুবিধাও রয়েছে।
• এসির মতো ঘর বেশি ঠান্ডা করতে পারে না। অনেক বেশি সময় ধরে চালাতে হয়।
• বাইরের যদি আর্দ্র আবহাওয়া থাকে, তবে কুলারের কার্যকারিতা কমে যায়।
• কুলারের কিছু মডেলে চালানোর সময় শব্দ বেশি হতে পারে।
তবে আপনি এসি না কুলার কিনবেন? তা অবশ্যই নির্ভর করবে আপনার ঘরের সাইজ়, কুলিং ক্যাপাসিটি, বাজেট- সবকিছুর উপর।