Bankura: নদীর চরে খেলতে গিয়ে বাড়ি ফিরল না দুই শিশু, তারপর... | Two Brothers Drown While Playing Near Riverbank in Bankura’s Indas, Family in Mourning - 24 Ghanta Bangla News
Home

Bankura: নদীর চরে খেলতে গিয়ে বাড়ি ফিরল না দুই শিশু, তারপর… | Two Brothers Drown While Playing Near Riverbank in Bankura’s Indas, Family in Mourning

Spread the love

কান্নায় ভেঙে পড়েছেন মৃত দুই শিশুর পরিবারের লোকজনImage Credit: TV9 Bangla

বাঁকুড়া: দুপুরে একসঙ্গে খাবার খেয়েছিল। তারপর দুই ভাই মিলে নদীর চরে খেলতে গিয়েছিল। অন্যদিনের মতো ফিরল না তারা। কয়েক ঘণ্টা পর নদী থেকে উদ্ধার হল দুই শিশুর দেহ। দুর্ঘটনাটি বাঁকুড়ার ইন্দাস থানার জাগলদ্বীপ গ্রামের। দ্বারকেশ্বর নদ থেকে দুই শিশুর দেহ উদ্ধার হয়। দুই শিশুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।

পুলিশ জানিয়েছে, মৃত দুই ভাইয়ের নাম শুভজিৎ রুইদাস (৬) ও সৌমেন রুইদাস (৪)। একই পরিবারের দুই সন্তানের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আজ (বুধবার) দেহ দুটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠাচ্ছে ইন্দাস থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ভাত খেয়ে দুই ভাই শুভজিৎ ও সৌমেন রুইদাস গ্রামের অদূরে থাকা দ্বারকেশ্বর নদের চরে খেলতে যায়। খেলা শেষে ওই দুই শিশু নদীর জলে হাত পা ধুতে যায়। সেই সময়ই অসতর্কতাবশত দুই ভাই জলে তলিয়ে যায়। দীর্ঘ সময় পর সন্ধ্যার মুখে স্থানীয় এক ব্যক্তি নদীর চরে স্নান করতে যান। সেইসময় তলিয়ে যাওয়া এক শিশুর দেহ তাঁর পায়ে লাগে। এরপরই খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন। অন্য শিশুর খোঁজে তল্লাশি শুরু হয় নদীতে। কিছুক্ষণ পর তলিয়ে যাওয়া দ্বিতীয় শিশুরও দেহ উদ্ধার হয়। কান্নায় ভেঙে পড়েন মৃত দুই শিশুর বাবা-মা এবং অন্যরা। তলিয়ে যাওয়া ওই দুই শিশুর দেহ উদ্ধার করে ইন্দাস থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার সময় আশপাশে আর কেউ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীরা বলছেন, কীভাবে ঘটনাটি ঘটল, তাঁরা বুঝতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *