পুর পরিকল্পনায় গুরুত্ব কেন্দ্রীয় প্রকল্পে: অগ্নিমিত্রা
এই সময়: দপ্তর বণ্টনের পরেই কাজে নেমে পড়েছেন রাজ্যের নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকারি সূত্রে খবর, আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের পুরসভা, পুরনিগম এবং তিনটি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটিকে আমূল বদলে ফেলাই তাঁর প্রধান লক্ষ্য। সে জন্যে সবার সহযোগিতা চেয়েছেন অগ্নিমিত্রা। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মেট্রো প্রকল্পগুলি দ্রুত শেষ করতে সক্রিয় হওয়ারও বার্তা দিয়েছেন তিনি।
পুর ও নগরোন্নয়ন দপ্তরের নতুন পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পগুলি। মন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর আওতায় শৌচালয় নির্মাণ, ‘আবাস যোজনা’ এবং ‘জল জীবন মিশন’-এর মাধ্যমে প্রতিটি শহরে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর নতুন সরকার। পাশাপাশি, উত্তরবঙ্গের উন্নয়নেও বড় বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা।
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের আরও তিনটি শহরকে ঢেলে সাজার পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। গঙ্গার তীরবর্তী পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান তৈরির কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। তবে উন্নয়ন যে পরিবেশকে নষ্ট করে হবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন অগ্নিমিত্রা।
সম্প্রতি, শহরে ঘটা অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বেআইনি ভাবে জলাভূমি বুজিয়ে কারখানা বা গোডাউন তৈরি করলে কাউকেই রেয়াত করা হবে না বলে জানিয়েছেন। জলাভূমি সংরক্ষণে এখন থেকে পুর দপ্তর বিশেষ নজরদারি চালাবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।