ভেঙে পড়ল হাসপাতালের ফলস সিলিং, বরাতজোরে প্রাণ রক্ষা শিশুদের - 24 Ghanta Bangla News
Home

ভেঙে পড়ল হাসপাতালের ফলস সিলিং, বরাতজোরে প্রাণ রক্ষা শিশুদের

Spread the love

ভেঙে পড়ল হাসপাতালের ফলস সিলিং। আহত হয়েছেন চার জন প্রসূতি। তবে বরাতজোরে রক্ষা পেয়েছে সেখানে থাকা সদ্যজাত শিশুরা। মধ্যপ্রদেশের ভিন্দ জেলা হাসপাতালের ঘটনা।

রবিবার ভেঙে পড়ে ভিন্দ জেলা হাসপাতালের SNCU ওয়ার্ডের ফলস সিলিং। হাসপাতাল এবং প্রশাসন সূত্রে খবর, ওই ওয়ার্ডে ভর্তি ছিলেন সাত জন প্রসূতি। তাঁদের সঙ্গে ছিলেন সদ্যজাতরাও। তাতেই আহত হয়েছেন চার জন মহিলা।

জানা গিয়েছে, ওই জেলা হাসপাতালের SNCU ওয়ার্ডে ভেঙে পড়ে ওই ফলস সিলিং। যখন এই ঘটনা ঘটে তখন সদ্যজাত সন্তানদের স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন তাদের মায়েরা। এসএনসিইউ-এর একটি অংশের ফলস সিলিং ধসে পড়ে বেডের কাছে। তাতেই ওই ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন চার জন প্রসূতি। তবে তাঁরা তাঁদের সন্তানকে রক্ষা করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের এক চিকিৎসক। এই ঘটনায় ওই চার জন প্রসুতি ছাড়াও প্রিয়ঙ্কা মিশ্র নামে হাসপাতালের এক কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালের ট্রমা সেন্টারে।

আধিকারিকদের দাবি, দু’জনের মাথায় আঘাত লেগেছে। তবে কারোর আঘাত গুরুতর নয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

এই ঘটনার জন্য হাসপাতাল প্রশাসনকে অবহেলাকে দায়ী করছেন রোগীর আত্মীয়রা। তাঁদের অভিযোগ, ভবনটির অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও রোগী ও নবজাতকদের একটি পুরনো এবং নিরাপদ নয় এমন ভবনে রাখা হচ্ছিল।

জানা গিয়েছে, ভিন্দ জেলা হাসপাতালটি ((Bhind district hospital) প্রায় ৮০ বছরের পুরনো। আগেও ছাদ থেকে প্লাস্টার খসে পড়ার ঘটনা ঘটেছে। কিন্তু তখন কোনও বড় ধরনের মেরামতের কাজ করা হয়নি। এর অনেক অংশই জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলেও অভিযোগ রোগীর আত্মীয়দের।

এই নিয়ে সেই রাজ্যের সরকারকে নিশানা করেছে কংগ্রেস (Congress)। তাদের অভিযোগ, ওই ফলস সিলিং করতে ব্যাপক দুর্নীতি হয়েছিল। কাজের জন্য কমিশন নিয়েছিল সেই রাজ্যের সরকার। এই কারণেই ভেঙে যায় ওই ছাদ। তাদের দাবি, মধ্যপ্রদেশে (MadhyaPradesh) সরকারের জরাজীর্ণ ব্যবস্থা চিকিৎসার জন্য আসা নাগরিকদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার মহকুমা শাসক অখিলেশ শর্মা। তদন্তে যারা দায়ী বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। মহকুমা শাসক জানিয়েছেন, ফলস সিলিংয়ের প্লাস্টার খসে পড়ায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পরেই ওই জায়গা পরিদর্শন করেছেন আধিকারিকরা। যেখানে এই ঘটনা তার পরিকাঠামোটি পুরনো বলে মনে হয়েছে তাঁদের বলেও জানিয়েছেন মহকুমা শাসক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *