বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে বিপত্তি, আচমকাই তলিয়ে গেল দশম শ্রেণির ছাত্র, চাঞ্চল্য
নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। রবিবার বিকেলে মালদার সাদুল্লাপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরের নাম অরূপ দাস (১৫)। মালদা শহরের (Malda Town) বুড়াবুড়িতলা এলাকায় তার বাড়ি। মালদা টাউন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল সে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে কয়েক জন বন্ধুর সঙ্গে সাদুল্লাপুরের নদীঘাটে বেড়াতে গিয়েছিল অরূপ। বিকেলের দিকে সবাই মিলে ভাগীরথী নদীতে নামে তারা। তখনই আচমকা গভীর জলে তলিয়ে যায় অরূপ (class 10 student drowns while bathing in river)।
কিশোরের তলিয়ে যাওয়া খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই নদীতে নেমে তল্লাশি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। তাঁরাও উদ্ধার কাজে হাত লাগান।
সাদুল্লাপুর নদীঘাট এলাকায় ভিড় জমান আশপাশের গ্রামের স্থানীয় বাসিন্দারা। তবে রাত পর্যন্ত কিশোরের কোনও হদিশ মেলেনি বলেই জানা গিয়েছে। নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।