Shreyas Iyer: KKR শিবিরে যোগ দেওয়ার জন্যই নাকি চুক্তি থেকে বাদ, শ্রেয়সকে নিয়ে বড় খবর ফাঁস – Bengali News | Shreyas Iyer dropped from BCCI central contracts list for going to KKR academy as per Report
Shreyas Iyer: KKR শিবিরে যোগ দেওয়ার জন্যই নাকি চুক্তি থেকে বাদ, শ্রেয়সকে নিয়ে বড় খবর ফাঁসImage Credit source: X
কলকাতা: ঘরোয়া ক্রিকেটকে অবহেলা কোনও মতেই বরদাস্ত করবে না বোর্ড। এই নিয়ে ফতোয়া জারি করলেও ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার তা মানেননি। আইপিএলে টাকা ও খ্যাতির চমক রয়েছে। অনেক ক্রিকেটার আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। কিন্তু আইপিএলের জন্য ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেওয়া বিন্দুমাত্র ভালো চোখে দেখছে না বোর্ড। জাতীয় দল থেকে দূরে থাকলে রঞ্জি খেলো। এই পরিষ্কার বার্তা কেন যে ঈশান ও শ্রেয়স মানলেন না, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এতদিন বার বার শোনা গিয়েছে রঞ্জিতে না খেলে ঈশান কিষাণ (Ishan Kishan) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বোর্ডের রোষে পড়েছেন। এই দুই ক্রিকেটার বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার পর থেকে একাধিক খবর উঠে এসেছে। এ বার শ্রেয়স আইয়ারকে নিয়ে বড় খবর ফাঁস। কেকেআর শিবিরে যোগ দেওয়ার জন্যই নাকি চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স।
কেকেআর শিবিরে যোগ দেওয়াই কাল হল শ্রেয়সের?
RevSportz এর রিপোর্ট অনুযায়ী, শ্রেয়স আইয়ার মুম্বইয়ের মুখ্য নির্বাচক রাজু কুলকার্নিকে তাঁর পিঠের সমস্যার কথা জানিয়েছিলেন। এবং ব্যাথার জন্য শ্রেয়স কোয়ার্টার ফাইনালে খেলেননি। কিন্তু তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এই নিয়ে কোনও রিপোর্ট দেননি। একইসঙ্গে তিনি জানাননি যে এনসিএ স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিনের প্রধান নীতীন প্যাটেল যে ইমেল মারফত জানিয়েছেন শ্রেয়স ফিট, সে কথাও জানাননি।
নিজের পিঠ ব্যাথার কথা জানিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অবশ্য যাননি। বরং তিনি পৌঁছে যান মুম্বইতে কেকেআরের অ্যাকাডেমিতে। মুম্বইয়ের হয়ে রঞ্জি কোয়ার্টার ফাইনাল খেলার জায়গায় সেখানে তিনি কয়েকজন কোচের অধীনে অনুশীলন করেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে এ ভাবে শ্রেয়সের কেকেআরের অ্যাকাডেমিতে যাওয়া ভালোভাবে নেননি বিসিসিআই নির্বাচক প্রধান অজিত আগরকর। শোনা গিয়েছে, কেকেআর শিবিরে যোগ দেওয়ার ফলেই বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন।