CM Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের বাড়ি থেকে বেরিয়েই বড় ‘ঘোষণা’ শুভেন্দুর – Bengali News | CM Suvendu Adhikari Pushes for June 20 as West Bengal Foundation Day After Visit to Shyama Prasad Mukherjee’s House
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবন থেকে বেরিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?Image Credit: TV9 Bangla
কলকাতা: নতুন সরকারের শপথের দিনই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস নিয়ে বিতর্কে ঘি পড়ল। আর সেই বিতর্ক উসকে দিলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। শনিবার ব্রিগেড ময়দানে শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান তিনি। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপনের পরই জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস যাতে ২০ জুন হয়, তার জন্য পদক্ষেপ করবেন তিনি।
কী বললেন শুভেন্দু অধিকারী?
এদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস নিয়ে বিতর্ক উসকে তিনি বলেন, “আমাদের পরিণতিও বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের মতো হত। একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস নেতাদের বলেছিলেন, ‘তোমরা দেশ ভাগ করলে। আর আমি পাকিস্তানকে ভাগ করলাম।’ অর্থাৎ পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল। আমি নিশ্চিতভাবে মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভায় পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসের বিষয়টি রাখব। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস ১৯৪৭ সালের ২০ জুনই হওয়া উচিত। আমার ভাবনার মধ্যে এটা রয়েছে। ইতিহাসকে বদলে দেওয়া যায় না।”
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস নিয়ে কী বিতর্ক?
১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইন পরিষদে (অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভা) অখণ্ড বাংলা ভাগের বিষয়টি উত্থাপিত হয়। বাংলাভাগের পক্ষে বড় অংশের ভোট পড়ে। ফলে বিভক্ত হয় বাংলা। এই ভোটাভুটির ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়, আর পূর্ববঙ্গ তৎকালীন পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। এই বাংলা ভাগের দু’মাসের মাথায় ইংরেজদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় ভারত।
তাই ২০ জুনের সেই সিদ্ধান্তকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ দিবসের দাবি তোলে বিজেপি। যেহেতু ১৯৪৭ সালের এই দিনটায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে বাংলার আইনসভা এই রাজ্যকে ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে নির্ধারিত করার সপক্ষে রায় দিয়েছিল, তাই এটাকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ বলে চিহ্নিত করে বিজেপি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও ২০ জুন তারিখকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে তুলে ধরে। লোকভবনে (পূর্বতন রাজভবন) ২০ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিতও হয়।
তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সেইসময়ের তৃণমূল সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৃণমূল সরকার পয়লা বৈশাখকে ‘বাংলা দিবস’ হিসেবে পালনের জন্য বিধানসভায় প্রস্তাব পাশ করে। এবার রাজ্যে পালাবদলের পরই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বড় ‘ঘোষণা’ করলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু।