ক্রুজ় থেকে হাসপাতালে ৩ হান্টাভাইরাস আক্রান্ত, ৪০ যাত্রীর খোঁজ জারি
হান্টাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা জানিয়েছে, এখনও পর্যন্ত হান্টাভাইরাসে সংক্রামিতের সংখ্যা আট, মারা গিয়েছেন তিন জন। এ দিন উদ্ধার হওয়া তিন ব্যক্তি ব্রিটেন, জার্মানি ও নেদারল্যান্ডসের নাগরিক। ক্রুজ়ের অপারেটর ‘ওশিয়ানওয়াইড এক্সপেডিশনস’ জানিয়েছে, হান্টাভাইরাসে আক্রান্ত জার্মান প্রৌঢ় ওই জাহাজেরই এক জার্মান মহিলার ঘনিষ্ঠ ছিলেন। সেই মহিলাই ২ মে প্রমোদতরীতে থাকা অবস্থায় মারা যান। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, ক্রুজ়ের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে, কিন্তু এখন মানুষ থেকে মানুষে সংক্রমণের আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।