মোনালিসাকে নোংরা নজরে দেখেছেন পরিচালক? মুখ খুললেন সানোজ মিশ্র - 24 Ghanta Bangla News
Home

মোনালিসাকে নোংরা নজরে দেখেছেন পরিচালক? মুখ খুললেন সানোজ মিশ্র

Spread the love

মোনালিসাকে নোংরা নজরে দেখেছেন পরিচালক? মুখ খুললেন সানোজ মিশ্র

পরিচালক সানোজ মিশ্র এবং উদীয়মান অভিনেত্রী মোনালিসার মধ্যকার বিবাদ এবার চরম আকার ধারণ করল। নাবালিকা থাকাকালীন পরিচালকের হাতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন— মোনালিসার এমন বিস্ফোরক দাবির পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল তাঁদের আগামী ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এর কাজ।

এই ছবির মাধ্যমেই রুপোলি পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল মোনালিসার। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, নেপাল এবং দেরাদুনে শুটিং চলাকালীন সানোজ মিশ্র তাঁর সঙ্গে একাধিকবার অভব্য আচরণ করেছেন। মোনালিসার দাবি, পরিচালক তাঁকে অনভিপ্রেতভাবে স্পর্শ করার চেষ্টা করতেন এবং একটি ঘটনায় তিনি সোজাসুজি প্রতিবাদও জানিয়েছিলেন। সেই সময় পরিবারের পরামর্শে কেরিয়ারের কথা ভেবে তিনি কোনও আইনি পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন অভিনেত্রী।

এই অভিযোগের প্রেক্ষিতে ‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানোজ মিশ্র সমস্ত দাবি নস্যাৎ করেছেন। উল্টে অভিযোগের সময়কাল নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “মোনালিসা আমাকে একটি বড় বিতর্কে জড়িয়ে দিচ্ছে। অথচ ওঁর পরিবারের প্রায় ৭-৮ জন সদস্য আজও উজ্জয়িনীতে আমার বাড়িতেই রয়েছেন।”

পরিচালকের দাবি, অভিনেতা ফরমান খানের সঙ্গে মোনালিসার বিবাহিত জীবন নিয়ে আপত্তির কারণেই এই সংঘাতের সূত্রপাত। তিনি আরও যোগ করেন, “এতদিন ধরে যখন আমি পরিশ্রম করে ওকে সংলাপ বলা, অভিনয় করা বা হাসা-কান্না শেখাচ্ছিলাম, তখন ওর কোনও সমস্যা ছিল না। যদি সত্যিই হেনস্থা হয়ে থাকত, তবে ও তখনই নিজের পরিবারকে জানাতে পারত।”

এই বিতর্কের জেরে সানোজ মিশ্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ আর তৈরি হবে না। তিনি বলেন, “ছবিটি এখন আর আলোর মুখ দেখবে না, কারণ ও নিজেই এটা নিয়ে চিন্তিত নয়। আর আমার কাছে এখন পুরো বিষয়টি অন্য মোড় নিয়েছে।” সানোজ জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি মোনালিসার বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন।

অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরুর বদলে এখন থানা-পুলিশ আর আইনি লড়াইয়ে জড়িয়ে পড়লেন এই নবাগত অভিনেত্রী। এই ঘটনার জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *