Abhishek Banerjee: মঞ্চে তখন অভিষেক, হঠাৎ চিৎকার, মাইক হাতে TMC সাংসদ বললেন,’কী হয়েছে? চ্যাঁচাচ্ছিস কেন?’ তারপরই জানা গেল..

পাথরপ্রতিমা: মঙ্গলবার ভোটের প্রচারে পাথরপ্রতিমায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সবে উঠেছেন বক্তব্য রাখার জন্য। কিন্তু হঠাৎ তিনি লক্ষ্য করেন নিচে বসে থাকা কর্মী-সমর্থকদের একাংশ চিৎকার করছেন। বিষয়টি খেয়াল করেন অভিষেক। আশ্বাস দেন দেন সবটা ঠিক করার। কিন্তু কী বক্তব্য ছিল ওই সব কর্মীদের?
তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে ধন্যবাদ জ্ঞাপন করছিলেন সকলকে। হঠাৎ মঞ্চের একপাশ থেকে শুরু হয় চিৎকার। অভিষেকের নজর যেতেই তিনি প্রশ্ন করেন, “কী হয়েছে? চ্যাঁচাচ্ছিস কেন?” পরে তাঁকে জানানো হয়, অভিষেক কী বলছেন তা কিছুই শোনা যাচ্ছে না। বিদ্যুত বিভ্রাটের জন্য স্পিকার কাজ করছে না। তারপর অভিষেক বলেন, “একটু ধৈর্য্য ধর, অপেক্ষা কর। আমি ওদিকে গিয়েও তোদের সঙ্গে কথা বলব…ঘুরে ঘুরে বলব সকলে দেখতে পাবেন।”
আজ পাথরপ্রতিমার সভা থেকে অভিষেক টার্গট দেন কত আসনে জিততে হবে তৃণমূল কর্মীদের। বিরোধী দলকে যেন পঞ্চাশ হাজারের বেশি ভোট না দেওয়া হয় সেই বার্তাও দিয়েছেন তৃণমূলের নম্বর ২। অভিষেক তাঁর কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘চল্লিশ হাজারের বেশি ভোটে জিততে হবে।’ এখানে উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জিতেছিলেন প্রায় ২২ হাজার ভোটে। সেই জায়গা থেকে দ্বিগুণ ব্যবধানের টার্গেট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।