Trinamool Congress: তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে লেপে দিয়ে গেল গোবর! ‘আমরা করিনি’ বলছে বাম-বিজেপি - 24 Ghanta Bangla News
Home

Trinamool Congress: তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে লেপে দিয়ে গেল গোবর! ‘আমরা করিনি’ বলছে বাম-বিজেপি

Spread the love

Trinamool Congress: তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে লেপে দিয়ে গেল গোবর! ‘আমরা করিনি’ বলছে বাম-বিজেপি

জামুরিয়া: ভোট ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছে সিংহভাগ রাজনৈতিক দল। পুরোদমে প্রচারে ঝড় তুলতে রাস্তায় নেমে পড়েছেন ডান-বাম সব শিবিরের প্রার্থীরাই। চলছে দেওয়াল লিখন। খোঁচা, কটাক্ষ, আক্রমণ, পাল্টা আক্রমণের বন্যা দেওয়ালে দেওয়ালে। এরইমধ্যেই তৃণমূলের দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা আসানসোলের জামুরিয়ায়। তৃণমূলের অভিযোগ বিরোধীদের দিকেই। যদিও অভিযোগ অস্বীকার বাম-বিজেপির। 

ঘটনাটি ঘটেছে তপসি গ্রাম পঞ্চায়েতের কুনুস্তোরিয়া মসজিদ পাড়া এলাকায়। দু’দিন আগেই হরেরাম সিং-এর নাম ফের দলীয় প্রার্থী হিসাবে ঘোষিত হওয়ার পর এলাকায় দেওয়াল লিখন শুরু করেছিলেন তৃণমূল কর্মীরা। কিন্তু বৃহস্পতিবার সকালেই বদলে গেল ছবিটা। বৃহস্পতিবার সকালে একাধিক জায়গায় তৃণমূলের লেখা দেওয়ালে দেখা যায় গোবর লেপা। তা দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকেরা। খবর চাউর হতেই তপসি-সহ আশপাশের অঞ্চলের তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবাদ করেন। 

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ​এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। তৃণমূলের ​অঞ্চল সভাপতি জগন্নাথ সিং বলছেন, বিরোধী দলগুলি রাতের অন্ধকারে এই নোংরা রাজনীতি করেছে। ​ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলিও যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে। ডাক্তার বিজন মুখোপাধ্যায়ের দাবি, “বিজেপির কোনও কর্মী বা সৈনিক এই ধরনের নোংরা রাজনীতির সঙ্গে যুক্ত নয়। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলেরই ফল। যা তারা বিজেপির উপর চাপাতে চাইছে।” সিপিআইএমের প্রার্থী সাবির হোসেন বলছেন, “বামপন্থীরা কখনওই এই ধরনের অন্যায় কাজকে সমর্থন করে না। প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *