Birbhum: কলেজ ক্যাম্পাসে ‘fa9la’-র সঙ্গে তাল মিলিয়ে নাচ অধ্যাপক-অধ্যাপিকাদের, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক - 24 Ghanta Bangla News
Home

Birbhum: কলেজ ক্যাম্পাসে ‘fa9la’-র সঙ্গে তাল মিলিয়ে নাচ অধ্যাপক-অধ্যাপিকাদের, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক

Spread the love

Birbhum: কলেজ ক্যাম্পাসে ‘fa9la’-র সঙ্গে তাল মিলিয়ে নাচ অধ্যাপক-অধ্যাপিকাদের, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক

বীরভূম: ‘লুঙ্গি ড্যান্স’ থেকে শুরু করে ধুরন্ধরের ‘fa9la’- বড় বড় সাউন্ড বক্সে বাজছে গান! আর সঙ্গে সেই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ! নাহ, কোনও পিকনিকের আসর নয়। বরং আসর কলেজ ক্যাম্পাসের মধ্যেই। আর নাচছেন ছাত্রছাত্রীরা নয়, বরং অধ্যাপক-অধ্যাপিকারা। লাভপুরের শম্ভুনাথ কলেজে অধ্যাপক-অধ্যাপিকাদের এই নাচের ভিডিয়ো এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আর তাতেই ছড়িয়েছে বিতর্কের ঝড়। কেন এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে হিন্দি গানের সঙ্গে নাচলেন অধ্যাপকরা? এতে কি কলেজের কোনও শালীনতা নষ্ট হল না? অনুশাসন কি কেবল ছাত্রছাত্রীদের জন্য? এ প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বিশ্ববিদ্যালয় অন্দরে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

ঘটনাটা ঠিক কী ঘটেছে? 

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, কলেজ চত্বরে বড় বড় সাউন্ড বক্স বসিয়ে জোরে বিভিন্ন হিন্দি গান বাজানো হচ্ছে। সেই গানের তালে একে একে কলেজের বেশ কয়েকজন অধ্যাপক ও অধ্যাপিকা নাচ করছেন। উপস্থিত কয়েকজন অধ্যাপককে আবার তাঁদের উৎসাহ দিতে তালি দিতেও দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, কয়েকদিন আগে কলেজে অধ্যাপকদের একটি অনুষ্ঠান ছিল। সেখানে খাওয়া দাওয়াও হয়। তারপরই বসে নাচের আসর।

যদিও এই পুরো ঘটনার বিষয়ে কলেজের প্রিন্সিপাল বলেন, তিনি এখনও এই ভিডিয়ো সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না। বিষয়টি তাঁর নজরে আসার পর তিনি বলেন, “ভিডিয়োটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে পাশাপাশি এটাও বলেছেন, “বর্তমান সময়ে এআই প্রযুক্তির সাহায্যে অনেক ভিডিয়ো তৈরি করা সম্ভব হচ্ছে। ভিডিয়োটি সত্যি নাকি প্রযুক্তির মাধ্যমে তৈরি—সেটিও যাচাই করা দরকার।”

লাভপুরের তৃণমূল বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য অভিজিৎ সিনহা বলেন, “এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানি না। ইতিমধ্যেই কলেজের প্রিন্সিপালের কাছে একটি রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *