Weather Update: সুখের দিন শেষ! দু’দিনের মধ্যে ৩৩ ডিগ্রির গরম সহ্য হবে তো? নিম্নচাপের আপডেট দিল হাওয়া অফিস – Bengali News | Kolkata and West Bengal weather update on 17th February, temperature increased, forecast of heat
কলকাতা: আরও কিছুটা বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আজ মঙ্গলবার ১৭ ডিগ্রির ঘরে পৌঁছল শহরের পারদ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও শীতের সুখ আর বেশিদিন নেই। আগামী বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে ১৯ ডিগ্রি সেলসিয়াসে।
দিনের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। এবার রাতের শিরশিরানিও উধাও হওয়ার পথে। চড়চড় করে বাড়বে দুপুরের তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছোঁয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৩৩ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও এর সরাসরি কোন প্রভাব নেই বাংলায়। আপাতত তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের হালকা আমেজ থাকবে, সেই সঙ্গে দিনে শীতের অনুভূতি কমবে। আরও দু’দিন একই রকম থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীত কার্যত উধাও হবে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সেটি। এটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে ১৮ই ফেব্রুয়ারি।
সপ্তাহের শেষের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলায় তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন।
দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।