Muhammad Yunus: সেভেন সিস্টার্সকে আবার মন্তব্য! বিদায়বেলাতেও বিতর্ক উসকে গেলেন ইউনূস – Bengali News | Sparking Controversy Again, Muhammad Yunus Comment on India’s Seven Sisters in his Exit Speech
মহম্মদ ইউনূস। ফাইল চিত্র।Image Credit: PTI
ঢাকা: অন্তর্বর্তী সরকারের দেড় বছরে নানা সিদ্ধান্ত, হাজারো বিতর্ক হয়েছে মহম্মদ ইউনূস (Muhammad Yunus)-কে ঘিরে। ঘর সামলাতে পারেননি ইউনূস। রক্ষা করতে পারেননি গণতন্ত্র, সুরক্ষা দিতে পারেননি সংখ্যালঘুদের। বিদায়বেলাতেও সেই বিতর্কই জিইয়ে রাখলেন ইউনূস। নিজের বিদায়ী ভাষণেও আবার উসকানিমূলক মন্তব্য করলেন ভারতের সেভেন সিস্টার্সকে (Seven Sisters) নিয়ে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শেষ ভাষণে মহম্মদ ইউনূস বারবার বলেন যে এখন বাংলাদেশ তার বিদেশনীতিতে সার্বভৌমত্ব, সম্মান ও স্বাধীনতা অর্জন করেছে। অন্য কারোর দ্বারা পরিচালিত হয় না।
বিদায়ী ভাষণে মহম্মদ ইউনূস বৈদেশিক বাণিজ্য নিয়ে বলেন, ‘‘আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার খোলা দরজা। নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।’’
ভারতের উত্তর-পূর্ব অংশকে নিজেদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পরিকল্পনার মধ্যে ঢোকানোকে স্বাভাবিকভাবেই ভারত ভাল চোখে দেখবে না। নতুন নির্বাচিত সরকারের অধীনে ভারত-বাংলাদেশ যখন নিজেদের সম্পর্ককে আরও একবার শোধরানোর চেষ্টা করছে, তখন ইউনূসের এই মন্তব্য বাংলাদেশেরও অস্বস্তি বাড়াবে বই কমাবে না।
প্রসঙ্গত, এর আগেও উত্তর-পূর্ব ভারত নিয়ে মন্তব্য করেছেন মহম্মদ ইউনূস এবং তা নিয়ে বিতর্কও হয়েছে। গত বছর যখন চিন সফরে গিয়েছিলেন, তখনও নিজেদের সমুদ্রের অভিভাবক হিসাবে দাবি করেন, সেই সময়ও সেভেন সিস্টার্সের উল্লেখ ছিল তাঁর ভাষণে।