T20 World Cup : নামিবিয়া ম্যাচের আগে বিপাকে ভারত! বিস্ফোরক ওপেনারকে পাবে না? – Bengali News | T20 World Cup : India is going to face problems as their star batsman is unavailable for next match.
কলকাতা : সমস্য়া যেন কিছুতেই মিটছে না ভারতের। আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। প্রথম ম্য়াচে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। কাল নামিবিয়ার বিরুদ্ধে অনিশ্চিত অভিষেক শর্মাও। ওয়াংখেড়েতে খেললেও অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার দল মাঠে নামলেও তাঁকে নেটে দেখা যায়নি। অভিষেক খেলবেন কিনা, এখনই পরিষ্কার করে বলতে অপারগ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সহকারী কোচ রায়ান টেন দুশখাটে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পেটের সমস্যার কারণে সম্পূর্ণ সুস্থ নয় অভিষেক।” তবে একই সঙ্গে তিনি আশাবাদী, ম্যাচের আগে সমস্যা মিটে যেতেও পারে।
দল শেষ পর্যন্ত অভিষেকের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। একান্তই যদি তিনি না খেলতে পারেন, তাঁর বদলে ওপেন করতে নামবেন ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন। ইতিমধ্যেই সুস্থ হয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন বুমরা। বৃহস্পতিবার তাঁকে পাওয়া যাবে বলেই মনে করছে ভারতীয় স্কোয়াড। বুমরা ফিরলে দলের বোলিং কম্বিনেশনে পরিবর্তন আসতে পারে। আমেরিকা ম্যাচে সিরাজ এবং অর্শদীপ, দু’জনেই ভাল বোলিং করেছেন। সে ক্ষেত্রে হয়তো অর্শদীপের বদলে বুমরা এবং সিরাজের উপরেই আস্থা রাখবেন গুরু গম্ভীর। চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তিনিও আগামীকাল নামতে পারেন নামিবিয়ার বিরুদ্ধে। এ ছাড়া আর কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই।
নামিবিয়ার বিরুদ্ধে খেলা হলেও আশা করা হচ্ছে, ম্যাচ থেকেই পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে রাখবে ভারত। আমেরিকার বিরুদ্ধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ভারতীয় টপ অর্ডার। এই ব্যর্থতা চিন্তায় রেখেছে কোচ গম্ভীরকে। অধিনায়ক সূর্যের ইনিংস না থাকলে হয়তো আরও চাপের সম্মুখীন হতে পারত দল। গম্ভীর জানেন, পাকিস্তান ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। বিশেষত, তাদের ‘বয়কট’ নাটকের পর আরও গম্ভীর দুই দলের পরিস্থিতি। তার আগে নামিবিয়া ম্যাচ থেকেই দুই পয়েন্ট তুলে গ্রুপে একটি নিরাপদ জায়গায় থাকতে চান সূর্যরা।