Malda: তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলি BLO-র, ছবি সামনে আসতেই শোরগোল মালদহে – Bengali News | BLO is allegedly giving enumeration form from TMC leader house in Malda
তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলি ঘিরে বিতর্কImage Credit: TV9 Bangla
মালদহ: বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দিতে হবে। নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। কিন্তু, সেই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। এবার মালদহে তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলির অভিযোগ উঠ বিএলও-র বিরুদ্ধে। তৃণমূল নেতা নিজের বাড়িতে খুলেছেন শিবির। আর সেখানেই বসে বিএলও বিলি করছেন ফর্ম। সেই ছবি প্রকাশ্যে এসেছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর এলাকার ঘটনা। তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলি নিয়ে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে।
জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির। সেই সহায়তা শিবির থেকেই এনুমারেশন ফর্ম বিলি করছেন দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমার। মানুষ সেখানে গিয়ে ফর্ম নিচ্ছেন। নিয়ম অনুযায়ী, বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা। তাঁদের সঙ্গে থাকতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ। এই ঘটনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিধিভঙ্গ।
ভিডিয়ো সামাজিক মাধ্যমে সামনে আসতেই সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, বিএলওদের প্রভাবিত করছে তৃণমূল। যাতে রোহিঙ্গাদের বাঁচাতে পারে। নির্বাচন কমিশনের নিয়ম না মানলে কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির। বিজেপির জেলা কমিটির সদস্য কিষাণ কেডিয়া বলেন, “আমরা বিডিওকে ব্যবস্থা নিতে বলব। বিডিও ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব। এবং বিডিও-র বিরুদ্ধেও FIR করব।” একইসঙ্গে তিনি বলেন, “কোনও তৃণমূল নেতা যদি ভাবেন, বিএলও-কে প্রভাবিত করে কারও নাম বাদ দিতে পারবেন কিংবা কারও নাম তুলবেন, তা পারবেন না। যাঁর নাম ওঠার, তাঁর নাম উঠবে। আর যাঁর নাম ওঠার নয়, তাঁর নাম উঠবে না।”
অন্যদিকে, তাঁর বাড়িতে বসে বিএলও-র ফর্ম বিলির অভিযোগ নিয়ে বুলবুল খান বলেন, “আমরা মানুষকে সহযোগিতা করছি। বাড়ি বাড়ি যাচ্ছি। আমরাই মাঠে নেমে কাজ করছি। আর কে আছে মাঠে? বিএলও বাড়ি বাড়ি যাচ্ছে। আমাদের আত্মীয়-স্বজন, কাকুদের বাড়ি রয়েছে। তাই, সবাই ওখানে এসেছেন।” এদিকে, যেসব বিএলও বাড়ি বাড়ি না গিয়ে ফর্ম দিচ্ছেন, তাঁদের শোকজ করতে এদিন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।