Bankura: SIR নিয়ে সর্বদলীয় বৈঠকে একাধিক প্রস্তাব বিভিন্ন রাজনৈতিক দলের – Bengali News | Bankura sir: Multiple proposals from various political parties at all party meeting on SIR
বাঁকুড়ায় সর্বদলীয় বৈঠকImage Credit: TV9 Bangla
বাঁকুড়া: SIR নিয়ে বিধানসভাভিত্তিক সর্বদলীয় বৈঠক হল বাঁকুড়ার মহকুমা শাসকের দফতরে। সর্বদলীয় এই বৈঠকে এস আই আর নিয়ে একাধিক প্রস্তাব দিলেন বিরোধী দলগুলির প্রতিনিধিরা। চাওয়া হল ২০০২ সালের ভোটার তালিকাও। SIR লাগু হতেই এ রাজ্যে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে জোর তৎপরতা। নির্বাচন কমিশনের নির্দেশে আজ বাঁকুড়ার মহকুমা শাসকের দফতরে SIR নিয়ে হয়ে গেল বাঁকুড়া বিধানসভার সর্ব দলীয় বৈঠকে।
বৈঠকে তৃণমূল, বিজেপি, সিপিএম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বিজেপির তরফে এস আই আর এ নিযুক্ত BLOদের তালিকা ও তাঁদের সম্পর্কে বিশদে তথ্য চাওয়া হয় প্রশাসনের কাছে। সিপিএম এর পক্ষ থেকে ২০০২ এর ভোটার তালিকা রাজনৈতিক দলগুলির হাতে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে তৃণমূলের তরফে দাবি করা হয়, এই SIR-এর নামে কোনও বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয় সে ব্যাপারে বিএলওরা যেন সতর্ক করা হয়।
সিপিএম-এর প্রতিনিধি প্রভাতকুসুম রায় বলেন, “এসআইআর নিয়ে কীভাবে কী করতে হবে, কবার বিএলও-রা যাবেন, তা নিয়ে সংশয় নেই। ২০০২ সালের ভোটার লিস্টটা আমাদের দরকার। সেটার হার্ড কপি আমাদের সব দলেরই লাগবে। তবে ওনারা যে প্রক্রিয়ায় করবেন বলেছেন, সেটা যদি সঠিকভাবে পালিত হয়, তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।”
তৃনমূলের প্রতিনিধি জয়দীপ চট্টোপাধ্যায় বলেন, “আমাদের একটাই বক্তব্য, প্রকৃত যাঁরা ভোটার, তাঁদের একজনেরও নাম বাদ দেওয়া যাবে না। BLO নিয়োগের ব্যাপারে বলতে পারে, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, কাকে কাকে নিয়োগ করবে। “