South 24 Parganas: দরজা ভাঙা নিয়ে সূত্রপাত, স্ত্রীর সামনেই শেষ হয়ে গেলেন যুবক – Bengali News | South 24 parganas Elderly man allegedly beaten to death in front of wife in Bishnupur
দক্ষিণ ২৪ পরগনা: স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার জুলপিয়া গ্রাম পঞ্চায়েতের হাটা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অর্জুন দলুই। অভিযোগের তির এলাকারই বাসিন্দা জগন্নাথ সর্দার ও তাঁর পরিবারের দিকে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
অভিযোগ, জগন্নাথ সর্দার বাড়ির দরজা ভাঙাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মৃত অর্জুন দলুইয়ের স্ত্রীয়ের অভিযোগ, সোমবার সন্ধ্যায় জগন্নাথের পরিবারের সদস্যরা হঠাৎই চড়াও হন। তাঁদের বক্তব্য, অর্জুন নাকি জগন্নাথের বাড়ির দরজা ভেঙে ফেলেছে। অভিযোগ, মিথ্যা দায় দিয়েই অর্জুনকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়।
অর্জুনের স্ত্রী বলেন, “আমি আমার বরকে জিজ্ঞাসাও করেছিলাম, তুমি কি সত্যিই কারোর বাড়ির দরজা ভেঙেছো? মার খেতে খেতেও ও আমাকে বলেছিল, ওরা মিথ্যা বলছে। ও এমন কিছুই করেনি।” তিনি আরও বলেন, “সব মিটিয়ে নেওয়ার জন্য আমরা জগন্নাথের বাড়িতেই যাই। সেই সময় ২০-২৫ জন মিলে মারধর শুরু করে।” স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রীও। চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেন স্বামীকে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর যে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।