Donald Trump: আবার ‘যুদ্ধ মুডে’ ট্রাম্প, চিনের উপরে চাপালেন ১০০ শতাংশ শুল্ক! – Bengali News | US President Donald Trump Imposes 100 Percent Additional Tariff on China, Threaten to Cancel Meeting with Xi Jinping
ওয়াশিংটন: অল্প কিছুদিনের বিরতি। আবার শুল্ক যুদ্ধ শুরু করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কোপ চিনের উপরে। সোজা ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছেন। হুমকি দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সামিট বাতিল করে দেওয়ারও। এবার কী কারণে শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প?
শোনা যাচ্ছে, বিরল মৃত্তিকা খনিজ বা রেয়ার আর্থ মিনারেলের রফতানিতে চিন কাটছাঁট করার পরই ক্ষেপে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার, ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট চিনের উপরে ১০০ শতাশ অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, অতিরিক্ত এই শুল্কের পাশাপাশি চিনে সমস্ত জরুরি সফটওয়্যার রফতানিতেও রাশ টানা হবে। ১ নভেম্বর থেকে এই শুল্ক কার্যকর হবে।
নিজের সোশ্যাল হ্যান্ডেল, ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লেখেন, “চিন এমন পদক্ষেপ করবে, তা বিশ্বাসই করা যায়নি, কিন্তু চিন তা করেছে। আর তারপর সব ইতিহাস।”
চিনের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপানোর আগে দীর্ঘ একটি পোস্ট করে ট্রাম্প দাবি করেন যে চিন বিভিন্ন দেশকে চিঠি পাঠাচ্ছে বিরল খনিজ রফতানি নিয়ন্ত্রণ নিয়ে। এই রেয়ার আর্থ মিনারেল মোবাইল তৈরি থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি, সামরিক অস্ত্রশস্ত্র, পুনর্নবীকরণ শক্তি প্রযুক্তি- সবেতেই লাগে। বিশ্ববাজারে বিরল মৃত্তিকা খনিজ উৎপাদন ও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কার্যত একাধিপত্য চলে চিনের।
মার্কিন প্রেসিডেন্টের কথায়, “চিনের গোটা বিশ্বকে নিজের মুঠোয় বন্দি করে রেখেছে। তাদের কোনও অধিকার নেই। চিন আক্রামণাত্বক অবস্থান নিচ্ছে।”
এদিকে চলতি মাসেই এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিটে মুখোমুখি সাক্ষাতের কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম দেখা হত দুই প্রেসিডেন্টের। তবে ট্রাম্প সেই সাক্ষাতও বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছেন। লিখেছেন, “দুই সপ্তাহ পরেই দক্ষিণ কোরিয়ায় এপিইসি-তে প্রেসিডেন্ট শি-র সঙ্গে দেখা করার কথা ছিল আমার, এখন মনে হচ্ছে তার কোনও দরকার নেই।”
ট্রাম্প আরও লিখেছেন, “চিনে অদ্ভুত কিছু জিনিস হচ্ছে! হঠাৎ ওরা শত্রুভাবাপন্ন হয়ে উঠেছে”। বিভিন্ন দেশ নাকি চিনের এই আচরণ নিয়ে আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছে বলেও দাবি করেন ট্রাম্প।
প্রসঙ্গত, চিনের উপরে আগেই ৩০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। তখন অভিযোগ করেছিলেন যে ফেন্টানিল নিয়ে বেআইনিভাবে ব্যবসা করছে বেজিং। চিনও চুপ করে বসে থাকার পাত্র নয়। তারাও পাল্টা ১০ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকার উপরে।
এদিকে, ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক ঘোষণা করতেই প্রভাব পড়েছে স্টক মার্কেটে। ন্যাসডাকের পতন হয়েছে ৩.৬ শতাংশ। এস অ্য়ান্ড পি ৫০০-র পতন হয়েছে ২.৭ শতাংশ।