SIR: বাংলার বিধানসভা নির্বাচন কবে? আজ স্পষ্ট করে দিল জাতীয় নির্বাচন কমিশন – Bengali News | Sir When will the Bengal assembly elections be held? The National Election Commission clarified today
কোলাঘাটে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনImage Credit: TV9 Bangla
পূর্ব মেদিনীপুর: SIR শেষ হওয়ার তিন মাস পরেই রাজ্যে ভোট। তিন মাস পরই হবে বিধানসভা নির্বাচন। কোলাঘাটে তিন জেলার অফিসারদের সঙ্গে বৈঠকে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের টিম। বৃহস্পতিবার কোলাঘাট অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের জেলাশাসক, ERO, AEROদের সঙ্গে বৈঠকে করে কমিশন। সেখানেই এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে। বুধবারই খানিকটা স্পষ্ট হয়ে গিয়েছিল, কালীপুজোর পরই রাজ্যে SIR হবে।
বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সেখানে তাঁরা বারবার ১১-১৫ অক্টোবর এই ডেডলাইনের কথা বলছিলেন। যাবতীয় বিষয়ে প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন। কমিশন চাইছে, বিজ্ঞপ্তির আগেই এনুমারেশন ফর্ম ছাপিয়ে রাখা হোক। সেই বিষয়টি বুধবারই স্পষ্ট করে দিয়েছে কমিশন। তাতে যাতে বিহারের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেটাও সতর্ক করে দেওয়া হয়েছে। কারণ বিহারে বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ শুরু হয়। তাতে সমস্যায় পড়তে হয় কমিশনকে।
যাবতীয় কাজ ১১-১৫ অক্টোবর শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তাতেই খানিকটা স্পষ্ট হয়ে গিয়েছিল, কালীপুজোর পরই রাজ্যে SIRএর সম্ভাবনা প্রবল। বুধবার পূর্ব মেদিনীপুরের আধিকারিকদের কাছ থেকে জাতীয় নির্বাচন কমিশনের টিমের সদস্যরা জানতে চান, ঠিক তাঁরা কতটা প্রস্তুত? উত্তর জেনে তাঁরা আধিকারিকদের উদ্দেশে ‘ওয়েল ডান’, ‘গুড’ এই শব্দবন্ধগুলো ব্যবহার করেছেন। পূর্ব মেদিনীপুরে যেভাবে কাজ হয়েছে, তাতে টিমের সদস্যরা সন্তুষ্ট। তবে বৈঠকের একেবারে শেষ লগ্নে তাঁরা এটা উল্লেখ করেছেন, SIR শেষ হওয়ার তিন মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন হবে।
যদি এই অর্থেই সময় ক্যালকুলেট করতে হয়, তাহলে যদি অক্টোবরে SIR শুরু হয়, অন্তত পক্ষে তিন মাস সময় লাগবে। আগামী বছর বিধানসভা নির্বাচন, সেটা এপ্রিলে হতে পারে। জানুয়ারি মাসটা নিজের হাতে রাখতে চাইছে কমিশন। সেক্ষেত্রে এটা অন্তত স্পষ্ট অক্টোবরেই শুরু হচ্ছে SIR। বাংলায় SIR প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কমিশন।