প্রকাশ্য বাজারে মারের চোটে কালসিটে পড়ল মন্ত্রীর স্বামীর পিঠে, কাঠগড়ায় বিজেপি - 24 Ghanta Bangla News
Home

প্রকাশ্য বাজারে মারের চোটে কালসিটে পড়ল মন্ত্রীর স্বামীর পিঠে, কাঠগড়ায় বিজেপি

Spread the love

দীর্ঘ দিন ধরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপিসহ বিরোধীরা। সেই অভিযোগ যে অমূলক নয় তা ফের টের পাওয়া গেল শুক্রবার রাতে। ভর সন্ধ্যায় প্রকাশ্য বাজারে আক্রান্ত হলেন রাজ্যের এক মন্ত্রীর স্বামী। মন্ত্রীর দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। পালটা বিজেপির দাবি, তৃণমূল বিজেপি সংঘর্ষের মধ্যে পড়ে আক্রান্ত হয়েছেন মন্ত্রীর স্বামী।

রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে লেখেন, ‘বিজেপির ঔদ্ধত্য এবার সীমাহীন। প্রকাশ্যে খাতড়া শহরে বিজেপির গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত আমার স্বামী। বিজেপির এই ঘৃণ্য রাজনীতি রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে আজ ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করল। খাতড়াবাসী আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবে। ’ এর পরই জানা যায়, শুক্রবার সন্ধ্যায় খাতড়া বাজারে মুদি সামগ্রী কিনতে গিয়েছিলেন জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিনবাবু। সেখানে তাঁকে ব্যাপক পেটানো হয়।

এই ঘটনায় ৬ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতড়া থানার পুলিশ। তুহিনবাবু জানিয়েছেন, লাঠিধারী ১৫ – ১৬ জন বিজেপি কর্মী তাঁর ওপর আক্রমণ করে। তাঁকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিজনরা। প্রাথমিক চিকিৎসার পর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জ্যোৎস্না মান্ডি জানিয়েছেন, ‘আমার স্বামী রাজনীতির সাতে পাঁচে নেই, ওর ওপর কেন আক্রমণ হবে? বিজেপি এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে।’

এই ঘটনায় ধৃতদের শনিবার খাতড়া আদালতে পেশ করা হয়েছে। ওদিকে বিজেপির দাবি, শুক্রবার সন্ধ্যায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলি গুন্ডারা হামলা চালায়। বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন। খবর পেয়ে সেখানে পৌঁছয় RAF. সেই গণ্ডগোলের মধ্যে পড়ে আহত হন তুহিনবাবু। তাঁর আক্রান্ত হওয়ার সঙ্গে রাজনীতির যোগ নেই। বিজেপি কর্মীরা তাঁকে আক্রমণ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *