আলিপুরদুয়ারে মোদীর সভায় নেই দিলীপ ঘোষ, কেন গেলেন না সেখানে, জানালেন নিজেই - 24 Ghanta Bangla News
Home

আলিপুরদুয়ারে মোদীর সভায় নেই দিলীপ ঘোষ, কেন গেলেন না সেখানে, জানালেন নিজেই

Spread the love

অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিজেপির কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। সেই ঘটনার মাসখানেক পর আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও নেই দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে এই নিয়ে প্রশ্নের মুখে দিলীপবাবু জানালেন, দলের সাধারণ কর্মী তিনি। তাই দলের সাধারণ কর্মীদের পাশে তিনি আছেন।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বিজেপির সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। মোদীর সফরের আগে আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছেন বঙ্গ বিজেপির তাবড় নেতা। যাননি শুধু দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালেও নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা যায় তাঁকে। এর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলে, প্রধানমন্ত্রীর সভার একটা প্রোটোকল থাকে। সেখানে দলের পদাধিকারীরা থাকেন। আমি পদাধিকারী নই। তাছাড়া এটা উত্তরবঙ্গ বিজেপির কর্মসূচি। দক্ষিণবঙ্গে যখন হবে তখন আমরা থাকব। আমি দলের একজন সাধারণ কর্মী। দল যা দায়িত্ব দেবে করব। দলের সাধারণ কর্মীদের পাশে আমি আছি।

তাঁর অবদানকে কি গুরুত্ব দিচ্ছে না দল? জবাবে দিলীপবাবু বলেন, আমার যা অবদান রাখার রেখেছি। এরপর যারা আসবে তারা তাদের অবদান রাখবে। এভাবেই দল এগিয়ে যাবে।

দিলীপবাবুর অনুপস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে দমদম বিমানবন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এটা আলিপুরদুয়ার জেলা বিজেপি বলতে পারবে। ওরা এই সভার আয়োজক। ওরা কাকে কাকে আমন্ত্রণ জানিয়েছেন সেটা আমি ঠিক বলতে পারব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *