ডার্বি জয়ের পর আলবার্তোর বার্তা, মোহনবাগানের সাফল্যের রহস্য কী?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের ধারা অব্যাহত রাখল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। রবিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের ডার্বি ম্যাচে নেমেছিল সবুজ-মেরুন। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল মেরিনার্সরা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন জেমি ম্যাকলারেন। এই জয়ের সুবাদে আইএসএল ডার্বিতে একাধিপত্য বজায় রাখল মোহনবাগান।
এদিন প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে ম্যাচ শুরু করেছিল ময়দানের এই প্রধান। প্রথম থেকেই বলের দখল রেখে ঘন ঘন আক্রমণে উঠে আসতে শুরু করেছিলেন লালিয়ানজুয়ালা ছাংতে থেকে শুরু করে দেজান ড্রাজিচরা। এমনকি প্রথমার্ধে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে দুরপাল্লার শট ও নিয়েছিলেন ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। কিন্তু বল গোলে থাকেনি। অমীমাংসিত প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে উঠেছিল মশাল ব্রিগেড। আকে আর্নড লোবা থেকে শুরু করে ডেভিড লালহানসাঙ্গারা গোলের সুযোগ পেলে ও সেটা কাজে লাগাতে পারেননি।
তাদের সামনে কার্যত পাঁচিল হয়ে দাঁড়িয়েছিলেন আলবার্তো। যারফলে দলের নিশ্চিত পতন রোধ হয়েছিল সহজেই। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ এই ম্যাচটা জেতার পর এখন আমার অসাধারণ লাগছে। প্রত্যেকটা ডার্বিই আমাদের জন্য বিশেষ। তাই এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা আরও ভালো করছি। যখন আমরা দল হিসেবে, সঙ্ঘবদ্ধ হয়ে খেলি, তখন প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে যায়। তাই আমি খুব খুশি, আমি দলকে নিয়ে খুব গর্বিত। আমার মনে হয় আমরা আরও ভালো করছি। অবশ্যই প্রত্যেকটা ম্যাচেই ক্লিন শিট রাখা খুব গুরুত্বপূর্ণ। আজকের মতো, ম্যাকলারেন গোল করেছে কিন্তু আমাদেরও আরও বেশি সুযোগ ছিল। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এজন্যই আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করছি।’