পিকআপ নয়, রেসিং কার! Toyota Hilux Hyper Z-তে চমক - 24 Ghanta Bangla News
Home

পিকআপ নয়, রেসিং কার! Toyota Hilux Hyper Z-তে চমক

Spread the love


কলকাতা: নির্ভরযোগ্য পিকআপ ট্রাক হিসেবে পরিচিত টয়োটা হাইলাক্সকে এবার সম্পূর্ণ নতুন রূপে হাজির করল সংস্থা। সাধারণ কাজের পিকআপের পরিচিতি সরিয়ে এটিকে রেসিং কারের আদলে তৈরি করা হয়েছে। নতুন এই ওয়ান-অফ মডেলের নাম Toyota Hilux Hyper Z Prototype। নতুন হাইলাক্স ট্রাভো জেড এডিশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই বিশেষ প্রোটোটাইপ। এর ডিজাইন করেছে টয়োটা ডিজাইন অস্ট্রেলিয়া। পাশাপাশি থাইল্যান্ডের পিকআপ বাজারের ডিজাইন ভাবনাও এতে প্রভাব ফেলেছে।

আকারে বিশাল, উচ্চতায় অনেকটাই নিচু

হাইপার জেড প্রোটোটাইপের দৈর্ঘ্য ৫,৩৬০ মিমি, প্রস্থ ২,২০৩ মিমি এবং উচ্চতা মাত্র ১,৫১৩ মিমি। এর হুইলবেস ৩,০৮৫ মিমি। সামনের ট্র্যাকের মাপ ১,৬৯২ মিমি এবং পিছনের ট্র্যাক ১,৭৮০ মিমি।

বড় চাকার সঙ্গে নিচু বডি এবং চওড়া অবস্থানের কারণে পিকআপটির চেহারায় স্পোর্টস কারের ছাপ স্পষ্ট। এতে রয়েছে ২২ ইঞ্চির অ্যালয় হুইল, যার সঙ্গে ব্যবহার করা হয়েছে ৩২৫/৩৫ আর২২ মাপের পিরেলি পি জিরো টায়ার।

চাকার উপরে রয়েছে বড় সাদা অ্যারো-স্টাইল কভার। তার চারপাশে টয়োটা লেখা থাকায় পুরো ডিজাইনে আধুনিক রেসিং কারের মতো লুক তৈরি হয়েছে।

শুধু ডিজাইন নয়, অ্যারোডাইনামিকসেও জোর

টয়োটার দাবি, হাইপার জেডের অ্যারোডাইনামিক ডিজাইন শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়। গাড়ির বাতাস চলাচল এবং কুলিং ব্যবস্থা উন্নত করার লক্ষ্যেও বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে।

এর সামনে রয়েছে বড় স্প্লিটার। গাড়ির নিচে দেওয়া হয়েছে গ্রাউন্ড-ইফেক্ট আন্ডারবডি এবং পিছনে রয়েছে বিশাল ডিফিউজার ও বড় উইং। সামনের বাম্পারের নিচে চওড়া স্প্লিটার প্রায় মাটি ছুঁয়ে রয়েছে।

সামনের গ্রিলেও রয়েছে বিশেষ নকশা। হানিকম্ব মেশের নিচের গ্রিলে বড় অক্ষরে লেখা রয়েছে ‘HILUX’। সাদা বডির সঙ্গে কালো বনেট ও ছাদ ব্যবহার করে তৈরি করা হয়েছে কনট্রাস্টিং ডিজাইন।

পিকআপ বেড সরিয়ে বসানো হয়েছে বিশাল রিয়ার উইং

হাইপার জেডের সবচেয়ে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে পিছনের অংশে। বিশাল রিয়ার উইং বসানোর জায়গা তৈরি করতে টয়োটা প্রচলিত টেলগেট সরিয়ে দিয়েছে। একই সঙ্গে বাদ পড়েছে পরিচিত পিকআপ বেডও।

তার পরিবর্তে রয়েছে কালো রঙের বিশেষ অ্যারো ট্রে। সেখানে আলোকিত অক্ষরে লেখা রয়েছে ‘HILUX’। ফলে সাধারণ পিকআপের মতো মালপত্র বহনের জায়গা আর নেই।

বিশাল উইংটি পিছনের ফেন্ডারের অনেক উপরে মোটা সাপোর্টের সাহায্যে বসানো হয়েছে। এর উপরে বড় করে রয়েছে টয়োটা লোগো। নিচে রয়েছে হানিকম্ব মেশ-সহ বিশাল রিয়ার ডিফিউজার। দুই পাশে রাখা হয়েছে পরিচিত উল্লম্ব এলইডি টেললাইট।

কেবিনেও রেসিং কারের ছোঁয়া

বাইরের মতো কেবিনেও সাধারণ হাইলাক্সের তুলনায় বড় পরিবর্তন রয়েছে। জানলার ভিতর দিয়ে দেখা যাচ্ছে রোল কেজ, স্যাবেল্ট হারনেস এবং লাল রঙের রেসিং-স্টাইল আসন।

ডাবল-ক্যাবের মূল কাঠামো অবশ্য উৎপাদন মডেলের মতোই রাখা হয়েছে। তবে ভিতরের সরঞ্জাম ও বাইরের অ্যারোডাইনামিক পরিবর্তন দেখে বোঝা যায়, এই গাড়ি সাধারণ রাস্তার কাজের জন্য নয়, বরং ট্র্যাক-কেন্দ্রিক ব্যবহারের ভাবনা থেকেই তৈরি।

উৎপাদনে আসবে কি Hyper Z?

টয়োটা হাইলাক্স হাইপার জেড আপাতত একটি বিশেষ ওয়ান-অফ প্রোটোটাইপ। অর্থাৎ এটি একটিমাত্র প্রদর্শনী মডেল হিসেবে তৈরি করা হয়েছে। সংস্থার তরফে এখনও এর উৎপাদন, বিক্রির সম্ভাবনা কিংবা ইঞ্জিনের নির্দিষ্ট তথ্য ঘোষণা করা হয়নি।

তবে পরিচিত হাইলাক্সকে এমন চরম রেসিং-অনুপ্রাণিত রূপ দেওয়ার মাধ্যমে টয়োটা দেখিয়েছে, একটি ব্যবহারিক পিকআপের ডিজাইনকেও কতটা ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *