আর্থিক সঙ্কট, বাকি লাখ লাখ টাকা, ডার্বির আগে টিম হোটেল মিটিং করতেও দেওয়া হলো না ইস্টবেঙ্গলকে
কিছু দিন আগেই আর্থিক সমস্যার কারণে ইন্ডিয়ান ফুটবল লিগ (আগের আই লিগ) থেকে দল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহামেডান স্পোর্টিং। এ বার আর্থিক টানাপড়েনের জেরে অস্বস্তিতে ইস্টবেঙ্গলও। সূত্রের খবর, নিউ টাউনের যে বিলাসবহুল হোটেলে লাল-হলুদ ফুটবলাররা থাকেন, সেখানে প্রায় ৯৫ লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে ক্লাবের। দীর্ঘ দিন ধরে সেই টাকা মেটানো হয়নি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, হোটেল কর্তৃপক্ষ আর ইস্টবেঙ্গলকে আগের মতো কোনও বাড়তি সুযোগ-সুবিধা দিচ্ছে না। শুধু ফুটবলারদের কথা ভেবে মানবিকতার খাতিরে তাঁদের হোটেল থেকে বের করে দেওয়া হয়নি।