দোকানে বসে করছিলেন প্রাতঃরাশ! আচমকাই আততায়ীদের হাতে খুন সমাজ সচেতক - 24 Ghanta Bangla News
Home

দোকানে বসে করছিলেন প্রাতঃরাশ! আচমকাই আততায়ীদের হাতে খুন সমাজ সচেতক

Spread the love


মহারাষ্ট্র: প্রকাশ্য দিবালোকে ডিমের দোকানে বসে প্রাতরাশ করছিলেন এক যুবক।(Akash Gawai) পাশে ছিলেন তাঁর দুই বন্ধু। আচমকাই একটি চারচাকা গাড়িতে চেপে সেখানে হাজির হয় তিন মুখোশধারী দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র, ছুরি এবং লোহার রড নিয়ে ওই যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। আত্মরক্ষার চেষ্টা করেও শেষরক্ষা হয়নি।

হামলাকারীদের এলোপাথাড়ি আঘাতে হাতের আঙুল পর্যন্ত কেটে যায় তাঁর। ঘটনাস্থলেই মৃত্যু হয় আকাশ গাওয়াই নামে ওই যুবকের। মহারাষ্ট্রের আকোলায় এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমেছেন মৃতের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। এমনকি অভিযুক্তরা ধরা না পড়া পর্যন্ত তাঁরা মৃতদেহ গ্রহণ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন।

আরও দেখুনঃ ডিলিমিটেশনে RJD-আপ,ঝাড়খন্ড মুক্তি মোর্চার মোট ৯ সাংসদের সমর্থনের ইঙ্গিত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আকোলার একটি ডিমের দোকানে বসে প্রাতরাশ করছিলেন আকাশ। (Akash Gawai)তাঁর সঙ্গে ছিলেন আরও দুই বন্ধু। সেই সময় একটি চারচাকা গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছয় তিনজন মুখোশধারী ব্যক্তি। এরপর কোনওরকম কথাবার্তা ছাড়াই আকাশকে লক্ষ্য করে হামলা চালায় তারা।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা ছুরি, ধারালো অস্ত্র এবং লোহার পাইপ দিয়ে বারবার আঘাত করে ওই যুবককে। প্রাণ বাঁচাতে এবং আক্রমণ প্রতিহত করতে হাত তুলে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন আকাশ। কিন্তু সেই সময় তাঁর হাতের একাধিক আঙুল কেটে যায়। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হামলার পর দ্রুত গাড়িতে চেপে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় পুলিশ। শুরু হয় তদন্ত এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি। ইতিমধ্যে অভিযুক্ত তিনজনকে শনাক্ত করে গ্রেফতারের জন্য তিনটি বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। কী কারণে এই হত্যাকাণ্ড, তার পিছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও উদ্দেশ্য কাজ করেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে, মৃতের পরিবারের অভিযোগ, আকাশকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁর সামাজিক কর্মকাণ্ডের কারণেই। পরিবারের সদস্যদের দাবি, আকোলার কৃষি নগর এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক সচেতনতা তৈরির কাজে যুক্ত ছিলেন তিনি। (Akash Gawai)বিশেষ করে ১৫ থেকে ২২ বছর বয়সি তরুণদের অপরাধের জগৎ থেকে দূরে রাখার চেষ্টা করতেন আকাশ। এলাকার যুবকদের ভুল পথে যাওয়া থেকে আটকাতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও আয়োজন করতেন তিনি।

পরিবারের দাবি, ঘটনার দিনও এমনই একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য একজন বিচারককেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারাতে হল তাঁকে। পরিবারের অভিযোগ, এই সামাজিক কাজের কারণেই আকাশকে নিশানা করা হয়ে থাকতে পারে। যদিও পুলিশের তদন্তে এখনও এই উদ্দেশ্যের বিষয়টি নিশ্চিত হয়নি।

হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে খদান থানার সামনে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন আকাশের আত্মীয়স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, তিন হামলাকারীকে গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা আকাশের মৃতদেহ গ্রহণ করবেন না। শুধু অভিযুক্তদের গ্রেফতারই নয়, তদন্তের স্বচ্ছতা এবং দ্রুত বিচারের দাবিতেও সরব হয়েছেন তাঁরা।

বিক্ষোভকারীদের তরফে একাধিক দাবি জানানো হয়েছে। প্রথমত, পলাতক তিন অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। দ্বিতীয়ত, মামলার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করতে হবে। পাশাপাশি সিভিল লাইন্স থানার পুলিশ ইন্সপেক্টর মায়া কায়াতের বদলির দাবিও তুলেছেন তাঁরা। তাঁদের আরও দাবি, মামলাটির দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া চালাতে হবে। পুলিশের বিরুদ্ধে কোনও গাফিলতি থাকলে তারও তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

উল্লেখযোগ্যভাবে, আকোলায় মাত্র দু’দিন আগেই আরও একটি খুনের ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিনের আলোয় জনবহুল এলাকায় একজন যুবককে এভাবে খুন করে পালিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সামাজিক কাজে যুক্ত ব্যক্তিরাও যদি এভাবে হামলার শিকার হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *