গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ, ৩৪ কিমি প্রকল্পে সমীক্ষার অনুমোদন - 24 Ghanta Bangla News
Home

গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ, ৩৪ কিমি প্রকল্পে সমীক্ষার অনুমোদন

Spread the love


নয়াদিল্লি/কলকাতা: গঙ্গাসাগরের (Gangasagar) সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রেল মন্ত্রক। প্রস্তাবিত কাকদ্বীপ-গঙ্গাসাগর রেলপথের চূড়ান্ত অবস্থান সমীক্ষা বা ফাইনাল লোকেশন সার্ভের অনুমোদন দিয়েছে রেল বোর্ড। প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের মধ্যে হুগলি নদীর উপর নির্মাণের প্রস্তাব রয়েছে ৪.৫ কিলোমিটার দীর্ঘ একটি সেতু।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সাগরদ্বীপে সরাসরি ট্রেন পৌঁছনোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে মকর সংক্রান্তিতে বার্ষিক গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকের যাতায়াত অনেক সহজ হতে পারে। বর্তমানে গঙ্গাসাগরে পৌঁছতে ট্রেন, ফেরি এবং সড়কপথের উপর নির্ভর করতে হয় যাত্রীদের।

কীভাবে পৌঁছতে হয় গঙ্গাসাগরে?

বর্তমানে গঙ্গাসাগর যেতে হলে যাত্রীদের প্রথমে কাকদ্বীপ অথবা নামখানা রেলস্টেশনে নামতে হয়। এরপর মুড়িগঙ্গা নদী ফেরিতে পার হয়ে সাগরদ্বীপে পৌঁছতে হয়। সেখান থেকে আরও ২০ কিলোমিটারের বেশি পথ সড়কপথে পেরিয়ে গঙ্গাসাগর তীর্থস্থানে পৌঁছতে হয়।

এই দীর্ঘ যাত্রাপথে বিশেষ করে গঙ্গাসাগর মেলার সময় প্রচুর ভিড় হয়। সরাসরি রেল যোগাযোগ চালু হলে যাতায়াতের সময় কমার পাশাপাশি পুণ্যার্থী ও পর্যটকদের যাত্রাও অনেক বেশি সুবিধাজনক হতে পারে।

কী হবে চূড়ান্ত অবস্থান সমীক্ষায়?

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে জানিয়েছেন, রুট নির্বাচনের পর চূড়ান্ত অবস্থান সমীক্ষা করা হয়। এই সমীক্ষায় নির্দিষ্ট রেলপথের অ্যালাইনমেন্ট, অর্থাৎ রেললাইন ঠিক কোন পথে যাবে, তা চূড়ান্ত করা হয়। পাশাপাশি নির্মাণের বিস্তারিত পরিকল্পনা এবং সম্ভাব্য ব্যয়ের হিসাবও তৈরি করা হয়।

শনিবার নামখানা স্টেশন পরিদর্শনে গিয়ে গঙ্গাসাগর মেলার আগে রেলের প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। গীতিকা পাণ্ডের কথায়, চূড়ান্ত অবস্থান সমীক্ষার অনুমোদন পাওয়ার পর বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

রেল সূত্রে খবর, এই সমীক্ষা সম্পূর্ণ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। সমীক্ষার মাধ্যমে প্রস্তাবিত রেলপথের সুনির্দিষ্ট অবস্থান, কতটা জমি প্রয়োজন, নির্মাণের ক্ষেত্রে কী ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে এবং প্রকল্পটির বাস্তবায়ন কতটা সম্ভব, তা খতিয়ে দেখা হবে।

এছাড়া হুগলি নদীর উপর প্রস্তাবিত ৪.৫ কিলোমিটার সেতু নির্মাণের প্রয়োজনীয়তাও বিস্তারিতভাবে পরীক্ষা করা হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতেই প্রকল্পের আনুমানিক খরচ এবং ডিপিআর প্রস্তুত করা হবে।

দেশের দীর্ঘতম রেলসেতুগুলির অন্যতম হতে পারে

প্রস্তাবিত ৪.৫ কিলোমিটার দীর্ঘ রেলসেতুটি নির্মিত হলে দেশের দীর্ঘতম রেলসেতুগুলির অন্যতম হয়ে উঠতে পারে। তবে সেতুর চূড়ান্ত নকশা, নির্মাণের সময়সীমা এবং প্রকল্পের ব্যয় সম্পর্কে বিস্তারিত তথ্য সমীক্ষা ও ডিপিআর তৈরির পরই জানা যাবে।

রেল সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনার সময় গঙ্গাসাগরের রেল যোগাযোগের বিষয়টি তুলেছিলেন।

কাকদ্বীপ থেকে সাগরদ্বীপে তৈরি হচ্ছে সড়কসেতু

রেলপথের পাশাপাশি সড়ক যোগাযোগ উন্নত করতেও আলাদা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কাকদ্বীপের লট নম্বর ৮-এর সঙ্গে সাগরদ্বীপের কচুবেড়িয়াকে যুক্ত করতে ৪.৮৫ কিলোমিটার দীর্ঘ একটি সড়কসেতু নির্মাণ করা হচ্ছে।

এই সেতুর উদ্দেশ্য হল মূল ভূখণ্ডের সঙ্গে সাগরদ্বীপের সড়ক যোগাযোগ আরও উন্নত করা। বর্তমানে মূল ভূখণ্ড থেকে দ্বীপে যাতায়াতের ক্ষেত্রে ফেরি পরিষেবার উপর অনেকটাই নির্ভর করতে হয়। কচুবেড়িয়ায় পৌঁছনোর পরও গঙ্গাসাগরে যেতে গাড়ি বা বাসে আরও কিছুটা পথ পাড়ি দিতে হয়।

পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা

কাকদ্বীপ-গঙ্গাসাগর রেলপথ বাস্তবায়িত হলে সাগরদ্বীপের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে বড় ভূমিকা নিতে পারে। শুধু গঙ্গাসাগর মেলা নয়, বছরের অন্য সময়েও পর্যটক ও পুণ্যার্থীদের যাতায়াত সহজ হবে।

পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে সাগরদ্বীপে পর্যটন, স্থানীয় ব্যবসা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত প্রকল্পটি সমীক্ষার পর্যায়ে রয়েছে। সমীক্ষা শেষ হওয়া, ডিপিআর তৈরি এবং পরবর্তী প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের পরই নির্মাণের সময়সীমা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *