কলকাতা ডার্বিতে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান
শুরুতেই সুব্রত–মনোরঞ্জন–ভাস্করদের নাম বলার কারণ একটাই, দূরবিন দিয়ে খুঁজলেও এই রকম চরিত্রের কাউকে আজ আর খুঁজে পাওয়া যাবে না। এমনিতেই বড় ম্যাচ যখন থেকে ‘ডার্বি’ হয়ে গিয়েছে, তখন থেকেই হারিয়ে যেতে শুরু করেছিলেন বাঙালি ফুটবলাররা। আজ রবিবারের টিম লিস্টে দু’জনের নাম অবশ্য দেখা যাবে। মোহনবাগানের অভিজ্ঞ শুভাশিস বসু। ইস্টবেঙ্গলের সন্দীপ মান্ডি। যে সন্দীপ কিছুদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে সাফ ফাইনালে গোল করে ‘নায়ক’ হয়ে উঠেছেন। আজকের ডার্বিতে তাঁর কিন্তু আজ বড় পরীক্ষা। গোল করেছেন, ঠিক আছে। আজ গোল বাঁচানোর দায়িত্ব। তা–ও আবার ছাংতে–এরউইন, জেমি ম্যাকলারেনদের চাপ সামলে। সঙ্গে আবার দ্রাজ়িচ, লিস্টন। পারলে তিনি আবারও ‘নায়ক!’
বড় ম্যাচের আগের বিকেলও কী অদ্ভুত শান্ত! ময়দানে দুটো ঘরের মাঠ ‘দুয়োরানি’–র মতো পড়ে থাকে। একটা সময় বড় ম্যাচের আগের দিনে কী না হতো? ইস্টবেঙ্গল এখন প্র্যাক্টিস করতে চলে যায় কলকাতার শেষ প্রান্তে, নিউটাউনে। মোহনবাগান প্র্যাক্টিস করে সল্টলেকের ঘেরাটোপে। সেখানে সাধারণ সমর্থকদের উচ্ছ্বাসের জায়গাই নেই।