গুজরাটের পিয়ার ঝুলিতে জয়, হার বিবেকের, আমেরিকার ভোটে ভারতীয় বংশোদ্ভূতরা কেমন রেজ়াল্ট করলেন? - 24 Ghanta Bangla News
Home

গুজরাটের পিয়ার ঝুলিতে জয়, হার বিবেকের, আমেরিকার ভোটে ভারতীয় বংশোদ্ভূতরা কেমন রেজ়াল্ট করলেন?

Spread the love

আমেরিকার ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে নজর কেড়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাটদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি নজর ছিল এই ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীদের জয়-পরাজয়ের দিকেও। সেই নির্বাচনে ইতিমধ্যেই একাধিক উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটরা। ভার্জিনিয়ার দশম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ফের জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী সুহাস সুব্রহ্মণ্যম। ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন পিয়া দান্ডিয়া। মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর পদেও পুনর্নির্বাচিত হয়েছেন অরুণা মিলার। তবে ট্রাম্প শিবিরের সবচেয়ে আলোচিত নাম বিবেক রামস্বামী নির্বাচনে হেরে গিয়েছেন।

বিবেক রামস্বামীর পরাজয়

ওহিওর গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিবেক রামস্বামী। ভারতের কেরালার সঙ্গে তাঁর শিকড়ের টান। তাঁর বাবা-মা ছিলেন কেরালার বাসিন্দা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও পেয়েছিলেন তিনি। মে মাসে রিপাবলিকান প্রাইমারিতে জয়ের পরে গভর্নর পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত হন বিবেক। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টনের কাছে পরাজিত হয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থার আপডেট অনুযায়ী, দুই লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন অ্যাক্টন।

পেশায় চিকিৎসক অ্যামি অ্যাক্টন অতীতে ওহিইওর স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁর এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০০৬ সালের পরে এই প্রথম ওহিওর গভর্নর পদে কোনও ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হলেন। ফলে রিপাবলিকানদের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

ফ্লোরিডায় ইতিহাস পিয়া দান্ডিয়ার

ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী পিয়া দান্ডিয়া। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কেসি আজ়কারকে হারিয়ে মার্কিন হাউসে জায়গা করে নিয়েছেন তিনি। প্রায় ৫১.৯ শতাংশ ভোট পেয়েছেন পিয়া। তাঁর প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৮.১ শতাংশ ভোট।

ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে জন্ম ও বেড়ে ওঠা পিয়া পেশায় শিক্ষাবিদ। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। নিউ ইয়র্কের হারলেমে একটি হাইস্কুলের প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব সামলেছেন। তাঁর এই জয় ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ফ্লোরিডা থেকে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসে নির্বাচিত হয়েছেন তিনি।

ভার্জিনিয়ায় ফের জয় সুহাস সুব্রহ্মণ্যমের

ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতা সুহাস সুব্রহ্মণ্যম ফের জয়ী হয়েছেন ভার্জিনিয়ার দশম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে। রিপাবলিকান প্রার্থী ডেভ টি বেকউইককে হারিয়ে দ্বিতীয় বারের জন্য আমেরিকার হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসে জায়গা পাকা করেছেন তিনি। আন্তর্জাতিক সূত্রে খবর, সুহাস পেয়েছেন ৬১ শতাংশের বেশি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বেকউইক পেয়েছেন প্রায় ৩৬ শতাংশ ভোট।

৪০ বছর বয়সি সুহাসের জন্ম হিউস্টনে। তাঁর বাবা-মা ভারতীয়। ২০২৪ সালে ভার্জিনিয়া থেকে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন তিনি। এ বারও জয় পেয়ে সেই প্রতিনিধিত্ব বজায় রাখলেন।

এখানেই শেষ নয়, বুধবার, ৪ নভেম্বর সকাল ৯টা ২৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রো খান্না, প্রমীলা জয়পাল ও অমি বেরার মতো পরিচিত ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতাদের আসনের ফল তখনও চূড়ান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *