PM Narendra Modi: আজ জ্বলবে কার্তিগাই দীপম! সুপ্রিম নির্দেশের পর মুরুগনের নামে প্রধানমন্ত্রী মোদীর পোস্ট | PM Narendra Modi Posts Victory to Lord Murugan Amid Supreme Court’s Deepathoon order - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: আজ জ্বলবে কার্তিগাই দীপম! সুপ্রিম নির্দেশের পর মুরুগনের নামে প্রধানমন্ত্রী মোদীর পোস্ট | PM Narendra Modi Posts Victory to Lord Murugan Amid Supreme Court’s Deepathoon order

Spread the love

PM Narendra Modi: আজ জ্বলবে কার্তিগাই দীপম! সুপ্রিম নির্দেশের পর মুরুগনের নামে প্রধানমন্ত্রী মোদীর পোস্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI

চেন্নাই: তামিলনাড়ুর মাদুরাইয়ে তিরুপ্পরানকুন্দ্রম পাহাড়ে কার্তিগাই দীপমের প্রদীপ জ্বালানো নিয়ে বিতর্কের মধ্যেই ভগবান মুরুগনের নামে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী তামিল ভাষায় লেখেন, “ভেত্রিভেল মুরুগানুক্কু আরোগারা!” অর্থাৎ ভগবান মুরুগনের জয়। একই বার্তা হিন্দি ও ইংরেজিতেও শেয়ার করেন তিনি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে পোস্টে সরাসরি কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদীর এই পোস্ট  তাৎপর্যপূর্ণ, কারণ কয়েক ঘণ্টা আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে শনিবার, ২৮ নভেম্বর তিরুপ্পরানকুন্দ্রম পাহাড়ের দীপথুন স্তম্ভে কার্তিগাই দীপমের প্রদীপ জ্বালাতে হবে।

কী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট?

গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট মন্দির প্রশাসনের অনুমোদিত একটি দলকে দীপথুনে আনুষ্ঠানিক প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছিল। ২৪ নভেম্বর একবারের জন্য প্রদীপ জ্বালানোর কথা থাকলেও, সেদিন দীপথুন বা দীপস্থানে প্রদীপ জ্বালানো হয়নি। পরিবর্তে প্রথাগত উচিপ্পিল্লাইয়ার মণ্ডপমেই প্রদীপ জ্বালানো হয়।

শুক্রবার বিষয়টি নিয়ে ফের শুনানি হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত জানায়, আগের নির্দেশ সত্ত্বেও প্রদীপ না জ্বালানো ইচ্ছাকৃত অবমাননা বলে মনে হচ্ছে। এরপর তামিলনাড়ুর মুখ্যসচিব, ডিজিপি-সহ ১৫ জনকে আদালত অবমাননার নোটিস জারি করা হয়।

আদালত আরও জানিয়েছে, সরকারি আধিকারিকরা কোনও রাজনৈতিক নির্দেশে কাজ করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হবে। এজন্য সংশ্লিষ্টদের কল রেকর্ড ও সরকারি যোগাযোগের নথি চেয়েছে আদালত।

মন্দিরের দায়িত্বে দুই অবসরপ্রাপ্ত বিচারপতি-

এই বিতর্কের মধ্যে মন্দিরের ট্রাস্টি বোর্ডও স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রশাসনিক দায়িত্ব সামলানোর জন্য হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবারের অনুষ্ঠানের আগে মন্দিরের কর্মীদের সঙ্গে পরামর্শ করার নির্দেশও দিয়েছে আদালত।

২৪ নভেম্বর উচিপ্পিল্লাইয়ার মণ্ডপমে যে প্রদীপ জ্বালানো হয়েছিল, সেটি যদি এখনও জ্বলতে থাকে, তাহলে সেই আগুন থেকেই দীপথুনের প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করতে বলা হয়েছে।

কেন এত বিতর্ক?

তিরুপ্পরানকুন্দ্রম পাহাড়ে কার্তিগাই দীপমের প্রদীপ ঠিক কোথায় জ্বালানো হবে, তা নিয়েই মূল বিরোধ। তামিলনাড়ু সরকারের বক্তব্য, বহু বছর ধরেই উচিপ্পিল্লাইয়ার মন্দিরের কাছে পাহাড়ের নিচের অংশে থাকা দীপা মণ্ডপমে এই অনুষ্ঠান হয়ে আসছে। অন্যদিকে হিন্দু সংগঠনগুলির দাবি, পাহাড়ের উপরের দিকে থাকা দীপথুন নামের পাথরের স্তম্ভেই প্রদীপ জ্বালাতে হবে। ওই স্তম্ভটি একটি দরগাহর কাছে অবস্থিত।

এবার শুক্রবারের নির্দেশে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, ২৮ নভেম্বর দীপথুন স্তম্ভেই প্রদীপ জ্বালাতে হবে। অর্থাৎ, ২৪ নভেম্বর প্রথাগত জায়গায় অনুষ্ঠান হয়ে যাওয়ার চার দিন পর ফের দীপথুনে প্রদীপ জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনাপ্রবাহের মধ্যেই শুক্রবার ভগবান মুরুগনের নামে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিল ভাষায় তিন বার “ভেত্রিভেল মুরুগানুক্কু আরোগারা!” লেখেন তিনি। সঙ্গে হিন্দি ও ইংরেজি অনুবাদও দেন। ইংরেজি বার্তার অর্থ, “Victory to Lord Muruga” বা “ভগবান মুরুগনের জয়।”

তিরুপ্পরানকুন্দ্রমের অরুলমিগু সুব্রামনিয়স্বামী মন্দিরের প্রধান দেবতা ভগবান মুরুগন। তবে প্রধানমন্ত্রীর পোস্টে সুপ্রিম কোর্টের নির্দেশ বা বিতর্কের কোনও সরাসরি উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *