payesh recipe: এভাবে বানিয়ে ফেলুন নলেন গুড়ের পায়েস, এই কায়দা মানলে ঝটপট তৈরি হবে | Easy nolen gur payesh recipe
শীতের হাওয়া বইতেই বাঙালির হেঁশেলে শুরু হয় পিঠে-পুলি ও পায়েসের উৎসব। এই মরসুমের অন্যতম আকর্ষণ খেজুরের নলেন গুড়। সুগন্ধি গোবিন্দভোগ বা বাসমতী চালের সঙ্গে খাঁটি নলেন গুড়ের মেলবন্ধনে তৈরি পায়েস ছাড়া শীতের মিষ্টিমুখ যেন অসম্পূর্ণ থেকে যায়। খুব কম উপকরণে এবং সঠিক নিয়মে কীভাবে ঘরেই সুস্বাদু নলেন গুড়ের পায়েস বানাবেন, রইল তার সহজ কৌশল।
যা যা লাগবে—
দুধ: ১ লিটার
গোবিন্দভোগ বা বাসমতী চাল: ৫০ গ্রাম (প্রায় ৩-৪ টেবিল চামচ)
নলেন গুড়: ১৫০ থেকে ২০০ গ্রাম (স্বাদমতো)
কাজুবাদাম, কিশমিশ ও পেস্তা: পরিমাণমতো
ঘি: ১ চা চামচ
এলাচ গুঁড়ো: সামান্য
এভাবে তৈরি করুন—
প্রথমে চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি কড়াই বা ভারী তলার পাত্রে ঘি গরম করে চাল হালকা ভেজে নিন, যাতে চালের সুন্দর সুগন্ধ বের হয়। এবার অন্য একটি পাত্রে দুধ ভালো করে ফুটিয়ে ঘন করতে থাকুন। দুধ কিছুটা ঘন হয়ে এলে তাতে ভাজা চাল দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে চাল তলায় লেগে না যায়।
চাল সেদ্ধ হয়ে দুধের সঙ্গে মিশে ঘন হয়ে এলে ঘি ভাজা কাজু, কিশমিশ ও পেস্তা এবং সামান্য এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন। এরপর গ্যাস বন্ধ করে পায়েস সামান্য ঠান্ডা হতে দিন। গরম দুধে সরাসরি গুড় দিলে দুধ কেটে যাওয়ার আশঙ্কা থাকে, তাই পায়েস কিছুটা ঠান্ডা হলে তবেই নলেন গুড় মেশাতে হবে। গুড় ভালো করে মিশে গেলে পরিবেশনের জন্য তৈরি শীতের বিশেষ নলেন গুড়ের পায়েস।