East Bengal vs Mohun Bagan: খেলবেন না মিগুয়েল, তাও আগামীকাল জয়ই চাইছেন বাগান কোচ প্যানোস! | Mohun Bagan On 5 Match Winning Run, Coach Panos Confident Despite Miguel And Sahal Absence
বাগান কোচ প্যানোস ও ড্র্যাজিচ।Image Credit: PTI
কলকাতা: আগামীকাল মহারণ। ম্যাচের আগে যথেষ্ট ফুরফুরে মোহনবাগান এসজি ও তার সমর্থককূল। টানা ৫ ম্যাচে জিতেছে মোহনবাগান। যদিও কাল খেলবেন না বাগানের তারকা মিডফিল্ডার মিগুয়েল। পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন তিনি। এর মধ্যেই সাংবাদিক সম্মেলনে এসে প্যানোস দল ও ম্যাচ নিয়ে যথেচ্ছ আত্মবিশ্বাসী।
প্যানোস বললেন, “মোহনবাগান ৫ ম্যাচ জিতেছে ঠিকই, কিন্তু প্রতি ম্যাচেই গোল খাচ্ছে দল। কিন্তু আমরা প্রতি ম্যাচেই অতিরিক্ত আক্রমণ করেছি। এর জন্য আমাদের খেসারত দিতে হচ্ছে। ব্যাক ফোরে কোনও ঝুঁকি নিতে নারাজ আমরা। বাকি ম্যাচগুলো আলাদা হলেও ডার্বির গুরুত্ব আলাদা। এই ম্যাচে অতীতের কোনও ভূমিকা নেই।”
যদিও অনিরুদ্ধ থাপাকে দরাজ সার্টিফিকেট দিলেন বাগান কোচ। বললেন, “অনিরুদ্ধ এই মুহূর্তে দেশের সেরা নম্বর ৮। খুব ভাল খেলছে ও। সমীর জেলকোভিচও প্রথম থেকে খেলতে পারে। তবে আমি ম্যাচের আগে করা গেমপ্ল্যানের উপর ভিত্তি করে ঠিক করি কে শুরু থেকে খেলবে বা কে খেলবে না।” তবে এই বিদেশী মিডফিল্ডারকে শুরু থেকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইস্টবেঙ্গলের মতো চোট-আঘাত সমস্যাতে ভুগছে মোহনবাগানও। সাহাল ইতিমধ্যেই নেই, তার সঙ্গে বাদ পড়লেন মিগুয়েলও। সেই নিয়েই প্যানোস বললেন,“আশা করছি ওরা জলদিই ফিরবে। তবে ওদের না থাকার ফলে অজুহাত দেব না। আলবার্তো রয়েছে। ওর উপরেও ভরসা আছে।”
এই মুহূর্তে আইএসএল টেবিলের শীর্ষে মোহনবাগান। আইএসএল ইতিহাসে কোনওদিন মোহনবাগান হারেনি ইস্টবেঙ্গলের কাছে। ৯টি ম্যাচে জয় ও ২টি ম্যাচে ড্র করলেও লাল-হলুদ ব্রিগেড কোনওদিন আইএসএল টুর্নামেন্টে হারাতে পারেনি সবুজ-মেরুনকে। ফলে আগামীকাল যেই খেলুক, জয়ের সংখ্যা ৯ থেকে ১০-এ নিয়ে যেতে মরিয়া বাগান কোচ প্যানোস ও তাঁর ছেলেরা।