Abhishek Banerjee: ‘আগামী ৭২ ঘণ্টা খুব ক্রুশিয়াল’, দিল্লিতে বসে কী বোঝালেন অভিষেক? | MP Abhishek Banerjee said next 72 hour is very Crucial for politics
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Facebook
নয়া দিল্লি: দিল্লিতে কী হচ্ছে? কী হবে দিল্লিতে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারই তড়িঘড়ি দিল্লি রওনা দিয়েছেন। কারণ, লোকসভার আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাশে আরও এক ধাপ এগিয়েছে কেন্দ্র। নতুন বিলের খসড়া শুক্রবার অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের (INDIA) চাল কী হবে সম্ভবত সেই নিয়ে আলোচনা করতে ডাকা হয়েছে বৈঠক। আর তড়িঘড়ি আজই দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ” আমাগী ৭২ ঘণ্টা খুব ক্রুশিয়াল।”
একই সঙ্গে NCPI সাংসদদের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। তুলেছেন হুইপ জারির প্রসঙ্গও। অভিষেক বলেন, “ওরা তো দেশের সাংসদ। সংবিধান খুলে ‘টেন শিডিউল’ পড়ুন। দু মাস পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকেও খারাপ পরিণতি হবে। অধ্যক্ষ ওদের NCPI হিসাবে স্বীকৃতি দিলেও টেন শিডিউল আপনার বিরুদ্ধে যাবে। আর যদি না দেয়, তাহলে হুইপ (হুইপ হল সংসদ বা বিধানসভায় কোনও রাজনৈতিক দলের তরফে তার নির্বাচিত সদস্যদের জন্য জারি করা আনুষ্ঠানিক নির্দেশ। কোনও গুরুত্বপূর্ণ বিল, আস্থা ভোট, অনাস্থা প্রস্তাব বা নির্দিষ্ট কোনও সিদ্ধান্তের উপর ভোটাভুটির সময় দলের সদস্যরা কীভাবে ভোট দেবেন, সেই নির্দেশ হুইপের মাধ্যমে দেওয়া হয়।) না মানলে একমাসের মধ্যে লোকসভার সদস্য পদ চলে যাবে।”
সংবিধানের টেন শিডিউল (Tenth Schedule) কী?
ভারতীয় সংবিধানের দশম তফসিল বা টেন শিডিউল (Tenth Schedule) মূলত দলত্যাগ বিরোধী আইন (Anti-Defection Law)। কোনও নির্বাচিত সাংসদ বা বিধায়ক নিজের রাজনৈতিক দল ছেড়ে অন্য দলে যোগ দিলে, কিংবা দলের নির্দেশ অমান্য করে নির্দিষ্ট ক্ষেত্রে ভোট দিলে তাঁর সদস্যপদ বাতিল হতে পারে। এই দলবদল ঠেকাতেই সংবিধানে এই বিধান রাখা হয়েছে।