২০১১ সালের জনগণনায় আসন পুনর্বিন্যাস কেন? খাড়গের বিস্ফোরক প্রশ্নে চাপে কেন্দ্র

নয়াদিল্লি: আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ডিলিমিটেশন বিল(Delimitation Bill) ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র সংঘাত শুরু হয়েছে। শনিবার নয়াদিল্লিতে বিরোধী ‘ইন্ডি’ (INDI) জোটের ফ্লোর লিডারদের বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে এই বিলের বিরোধিতা করবে।
খাড়গের অভিযোগ, প্রস্তাবিত এই বিলটি সরাসরি দলিত, তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) সম্প্রদায়ের সাংবিধানিক অধিকারের বিপরীত। তাঁর দাবি, বিগত দেড় দশকে দেশে দলিত ও আদিবাসী জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সরকার ২০২৬ সালের নতুন জনগণনার বদলে ২০১১ সালের পুরনো জনগণনার তথ্যের ওপর ভিত্তি করে আসন পুনর্বিন্যাস করতে চাইছে, যার ফলে সংরক্ষিত আসনের সংখ্যা ন্যায্য অনুপাতের চেয়ে কমে যাবে।
আরও দেখুনঃ খাতৌলি ছাড়তে নারাজ বিজেপি, ৩৬ আসনে অনড় জয়ন্ত! যোগী রাজ্যে বাড়ছে সংঘাত
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Delimitation Bill)ভারতীয় সংবিধানের ৩৩০ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, সংবিধানের নিয়ম অনুযায়ী লোকসভায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা তাঁদের জনসংখ্যার অনুপাতে নির্ধারিত হওয়া উচিত। কিন্তু সরকার যে বিলটি আনতে চলেছে, তাতে জনসংখ্যার বর্তমান বৃদ্ধির হার অনুযায়ী সংরক্ষিত আসন বাড়ানোর কোনো স্পষ্ট সংস্থান রাখা হয়নি।
খাড়গে প্রশ্ন তোলেন, নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৬ সালেই পরবর্তী জনগণনা হওয়ার কথা থাকলেও সরকার এখনও তা শুরু করেনি। অথচ নতুন জনগণনার জন্য অপেক্ষা না করেই দেড় দশক আগের অর্থাৎ ২০১১ সালের আদমশুমারির ওপর নির্ভর করে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার তোড়জোড় চলছে। কংগ্রেস সভাপতির মতে, এটি দলিত ও আদিবাসী সমাজের প্রতি চরম অবিচার এবং তাঁদের রাজনৈতিক প্রতিনিধিত্ব খর্ব করার একটি পরিকল্পিত প্রচেষ্টা।
কেবল দলিত অধিকারই নয়, আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা এবং কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন খাড়গে। তাঁর অভিযোগ, সাধারণ নির্বাচনে ‘৪০০ পার’-এর লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়ে শাসকদল এখন আসন সংখ্যা ৮৫০-এ নিয়ে গিয়ে ‘৮০০ পার’-এর মাধ্যমে চিরস্থায়ীভাবে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে।
অসম এবং জম্মু ও কাশ্মীরের আসন পুনর্বিন্যাসের উদাহরণ টেনে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রক্রিয়া চললে বিরোধী প্রভাবিত এলাকাগুলির সীমানা ইচ্ছাকৃতভাবে বদলে দেওয়া হতে পারে। এছাড়াও, মহিলার সংরক্ষণ বিল (নারী শক্তি বন্দন অধিনিয়ম) কার্যকর করার আড়ালে সরকার আসলে বিতর্কিত আসন পুনর্বিন্যাস বিলটি পাস করানোর কৌশল নিয়েছে বলেও বিরোধী শিবিরের তরফে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, বিরোধীদের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেসের অবস্থানের সমালোচনা করে বলেন, সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে এবং জনপ্রতিনিধির সংখ্যা বাড়াতে চাইছে। তাঁর প্রশ্ন, দেশের মহিলাদের ক্ষমতায়নের পথে কংগ্রেস কেন বাধা সৃষ্টি করছে?
কেন্দ্রের দাবি, প্রস্তাবিত মডেলে সব রাজ্যের আনুপাতিক প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে। তবে সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনের আগেই দলিত অধিকার এবং জনগণনার ইস্যুকে সামনে রেখে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট যেভাবে সুর চড়িয়েছে, তাতে অধিবেশন যে অত্যন্ত উত্তাল হতে চলেছে, তা বলাই বাহুল্য।