শারদ্বতের মন্তব্যে দুই তৃণমূলে শুরু বাগ্যুদ্ধ
সেই ভিডিয়োয় শারদ্বতকে বলতে শোনা যাচ্ছে, ‘ঋত–তৃণমূল আমাদের দয়া–দাক্ষিণ্যে আছে।’ এই ভিডিয়োকে হাতিয়ার করে ব্যাপক প্রচার শুরু করেন মমতা–তৃণমূলের নেতারা। শুক্রবারও সেই প্রসঙ্গ টেনে বর্ষীয়ান মমতাপন্থী নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যে ভাষায় ওঁদের (ঋত–তৃণমূল) সম্পর্কে বলেছেন, তাতেও তো ওঁদের লজ্জা নেই। কারও যদি আত্মসম্মান না–থাকে, তা হলে আমার কিছু বলার নেই।’ মমতা–তৃণমূলের হাতে অস্ত্র চলে যাচ্ছে বুঝে এ দিন আসরে নামে গণতান্ত্রিক তৃণমূল। দলের মুখপাত্র রিজু দত্ত বলেন, ‘রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমাদের বিধায়করা কেউ বিজেপি–র দয়া–দাক্ষিণ্যে জেতেননি। তাঁরা মানুষের ভোটে, নিজেদের এলেমে জিতেছেন।’ দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমরা বিজেপি–বিরোধী দল। আমরা বাংলার স্বার্থে কাজ করছি। বিজেপির অবাধ তোলাবাজির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে।’ তাঁর দাবি, গণতান্ত্রিক তৃণমূল যে তীব্র বিজেপি–বিরোধী, সেটা আগামী পুরভোটে স্পষ্ট হয়ে যাবে।